মোদিকে খুনের ছক! মুম্বইয়ে প্রধানমন্ত্রীর সভাস্থলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২ যুবক
প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের ছক! মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করা হল দুই যুবককে। কিছুক্ষণের মধ্যে সেখানে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। জানা গিয়েছে, সন্দেহভাজন ওই যুবক নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন। এবং সভায় ভিভিআইপি জোন দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময়েই তাঁকে আটক করেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা।
গুজরাটের ভদোদরায় ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠান শেষের পর মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা এই সভাস্থলেই এক যুবককে দেখে সন্দেহ হয় মুম্বই পুলিশের। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সভাস্থলে পৌছনোর কিছুক্ষণ আগে ঘটে এই ঘটনা। অভিযুক্ত যুবক নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক বলে পরিচয় দিয়ে উচ্চ নিরাপত্তাসম্পন্ন ভিভিআইপি এলাকায় প্রবেশের চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা। জানা যাচ্ছে, ২৪ বছর বয়সি ওই যুবকের সঙ্গে আরও একজন ছিলেন। তাঁকে নিজের দেহরক্ষী বলে পরিচয় দেন ওই যুবক। অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কী উদ্দেশে আগ্নেয়াস্ত্র-সহ ওই সন্দেহভাজন ভিআইপি জোন দিয়ে প্রবেশের চেষ্টা করছিল অভিযুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া বন্দুকটির লাইসেন্স ছিল কি না, এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ভুয়ো পরিচয় অভিযুক্ত কোথা থেকে পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান বড় কোনও ষড়যন্ত্র ছিল অভিযুক্তের।