‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, উন্নয়নে বরাদ্দ ২৫০ কোটি
প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
জিটিএ দুর্নীতি নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জিটিএ দুর্নীতিগ্রস্তদের (GTA Corruptionj) কাউকে ছাড়া হবে না। এফআইআর হবে। গ্রেপ্তারি করাও হবে। সেই বার্তা এদিন দিলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়নই একমাত্র লক্ষ্য। সেক্ষেত্রে কোনও কিছুই রেয়াত করা হবে না। জিটিএর বাজেট দ্বিগুণ করা হয়েছে। সেই বার্তাও দিলেন শুভেন্দু অধিকারী। কালিম্পংঙে মেডিক্যাল কলেজ হবে। সেজন্য ভূমিপুজো হবে। সেই কথাও এদিন বৈঠকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পাহাড়ে বিপর্যয় মোকাবিলার জন্য ২৫০ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে।
এদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কপ্টারে তাঁর কালিম্পং যাওয়ার কথা ছিল। কিন্তু কালিম্পং যাওয়ার পথে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় পাহাড়ি এলাকায় চপার অবতরণে সমস্যা হয়। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর তা ফিরে যায় শিলিগুড়িতে। সেখানে উত্তরকন্যায় আগের পরিকল্পনামতো প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে আধিকারিকদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে পালাবদলের পরেই জিটিএ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাহাড় সমস্যার স্থায়ী সমাধান হবে, সেই বার্তা দিয়েছিলেন তিনি। জিটিএ দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন শাহ। পাহাড়ে সেসময়ই প্রশাসক বসানোর বিষয়টি ঠিক হয়েছিল। এবার সেই প্রশাসক কাজ শুরু করলেন। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরের ভারী বৃষ্টি, ধস-সহ তিস্তার অবস্থা ছাড়াও মালদহের বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।
এদিন আরও একবার জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত তৃণমূল সরকারের আমলে জিটিএ-তে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এদিন আরও একবার সেই বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী। জিটিএ-তে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “১১ বোর্ডের টাকা নয়ছয় হয়েছে। পাহাড়ে পানীয় জল, শিক্ষক দুর্নীতি থেকে একাধিক দুর্নীতি হয়েছে। টাকা লুট হয়েছে।” তাঁর হুঁশিয়ারি, “দুর্নীতির ইস্যুতে তদন্ত হবে। এফআইআরও হবে। গ্রেপ্তারিও হবে।” শুধু তাই নয়, লুটের টাকা ফেরত নেওয়া হবে। সেই কথাও জোর গলায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাহাড়ের উন্নয়ন নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর পুজোর সময় পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল। মিরিকে একাধিক বাড়ি ধসে ভেঙে পড়ে। অনেকের প্রাণও যায়। বর্তমান রাজ্য সরকার ৭৪টি পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিল। শুধু তাই নয়, পাহাড়ে সকলে আয়ুষ্মান কার্ড পাবেন। এখন অবধি পাহাড়ে ১২৩ জন রোগী আয়ুষ্মান কার্ডে চিকিৎসা পেয়েছেন। যাদের এই কার্ড হবে না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আসবেন। সেই বার্তাও দেওয়া হয়েছে। পাহাড়ে এখনও পর্যন্ত ১৫ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আগামী দিনে আরও মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু।
চলতি বছর চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাস দেওয়া হবে। বন্ধ চা বাগানও খোলার ব্যবস্থা করবে রাজ্য সরকার। সেই বার্তাও এদিন মুখ্যমন্ত্রী দিয়েছেন।