• পুজোর আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস, খুশির হাওয়া চা বাগানে
    প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • পুজোর মুখে উত্তরবঙ্গের চা বাগানগুলির শ্রমিকদের মুখে হাসি। এবার বাগানের শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। উত্তরবঙ্গ থেকে সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পাহাড়ের বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলিও দ্রুত খুলবে। সেই কথা জানালেন শুভেন্দু। রাজ্যের পালাবদলের পরে বিজেপি সরকার পাহাড়ের উন্নয়ন নিয়ে কাজ শুরু করেছে। বাগানগুলির উন্নয়নের জন্য পদক্ষেপ করেছে সরকার।

    আজ, সোমবার উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেখানে কালিম্পঙয়ে সরকারি কর্মসূচিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর কপ্টার কালিম্পঙয়ে নামতে পারেনি। ফের তিনি শিলিগুড়ি ফিরে এসে উত্তরকন্যায় বৈঠক করেন। ভিডিও কনফারেন্সে আধিকারিকদের সঙ্গে কথা হয়। পাহাড়ের উন্নয়ন থেকে ধস মোকাবিলা নিয়ে বার্তা দেন তিনি। এরপরেই চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাসের কথা ঘোষণা করা হয়। ওয়াকিবহাল মহলের দাবি, এই প্রথম উত্তরবঙ্গে উপস্থিত হয়ে কোনও মুখ্যমন্ত্রী নিজে চা শ্রমিকদের বোনাস ঘোষণা করলেন। বোনাসের কথা ছড়াতেই খুশির হাওয়া চা বাগানে।

    তৃণমূল আমল থেকেই উত্তরের চা বাগানগুলি ধুঁকছে। বহু বাগান বন্ধ হয়েছে। শ্রমিকরা অনেক সময়ই মজুরি পাননি বলে অভিযোগ। মালিক-শ্রমিক অসন্তোষের ঘটনাও সামনে এসেছে। বহু শ্রমিক পরিবার আধপেটা খেয়ে অনেক সময়ই দিন কাটিয়েছে বলে অভিযোগ। তৃণমূল আমলেও পুজোর বোনাস দেওয়া হত। কিন্তু সেই বোনাস পাওয়া নিয়েও রাজনীতি চলত বলে অভিযোগ। চা শ্রমিকরা তিমিরেই থেকেছেন বলে মত ওয়াকিবহাল মহলের। রাজ্যের নয়া বিজেপি সরকার চা বাগানের উন্নয়ন নিয়ে জোরালো বার্তা দিয়েছে। খোদ দেশের প্রধানমন্ত্রী পাহাড়ের চা বাগানের উন্নয়ন নিয়ে বার্তা দিয়েছিলেন উত্তরে ভোটের প্রচারে এসে। 

    এদিন বৈঠকের সময় পাহাড়ের উন্নয়নের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। সেখানেই চা বাগানের উন্নতির বিষয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। বন্ধ চা বাগানগুলিও খোলা হবে, সেই কথা জানান। শুধু তাই নয়, শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার বড় ঘোষণাও হয় তাঁর মাধ্যমেই। আগামী ৫ অক্টোবরের মধ্যেই বোনাস পৌঁছে যাবে। পাহাড় ও সমতলের বাগানগুলির শ্রমিকদের এবার একই পরিমাণ বোনাস দেওয়া হবে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)