দিল্লির সত্য নিকেতনে পাঁচতলা ছাত্রাবাসের একাংশ ভেঙে সাত জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে পড়াশোনা করতেন, তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, উপাচার্যের তহবিল থেকে মৃত পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে ক্ষতিপূরণের অঙ্ক কী হবে, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সব কলেজের প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং। সেখানে প্রিন্সিপালদের উপাচার্য নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের দ্রুত চিহ্নিত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বৈঠকে মোতিলাল নেহরু কলেজের প্রিন্সিপাল যোগেশ্বর শর্মা জানান, তাঁর কলেজের তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
দিল্লির বহু কলেজে ছাত্রাবাসের পরিকাঠামো না থাকায় বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে কলেজগুলি নিজেদের উদ্যোগে ছাত্রাবাস গড়ে তুলতে পারবে কি না, সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন উপাচার্য।