বোনের পাশে দাঁড়াতে গিয়ে স্কুলের শিক্ষিকাকে মারধর, এমনকী তাঁকে ইট ছুড়ে মারতে যাওয়ার অভিযোগ উঠল দিদির বিরুদ্ধে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গার্লস হাইস্কুলে ঘটনাটি ঘটে। ঘটনাচক্রে, অভিযুক্ত তরুণী নিজেও ওই স্কুলের প্রাক্তনী। এই ঘটনায় গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সূত্রে খবর, মারধরে অভিযুক্ত তরুণীর বোন একাদশ শ্রেণিতে পড়ে। কিন্তু নিয়মিত স্কুলেই যায় না সে। নতুন শিক্ষাবর্ষে মাত্র ২-৩ দিন স্কুলে গিয়েছিল। স্কুলের শিক্ষিকারা এ নিয়ে তাকে সতর্কও করেছিল। অভিযোগ, তার পরেই মঙ্গলবার স্কুলে গিয়ে ইংরেজির শিক্ষিকার উপরে চড়াও হন ওই ছাত্রীর দিদি। সকলের সামনেই তিনি অভিযোগ করেন, ওই শিক্ষিকা নাকি তাঁর বোনকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। স্কুলের অন্য শিক্ষিকাদেরও হুমকি দেন তরুণী। তাঁর এই আচরণ ভিডিয়ো করতে গিয়ে আক্রান্তও হন স্কুলের এক শিক্ষিকা। অভিযোগ, অভিযুক্ত তরুণী তাঁকে মারধর করেছেন। ইট তুলেও মারার চেষ্টা করেছেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আতঙ্কের পরিবেশ স্কুলে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষিকারাও। পড়ুয়াদের একাংশের দাবি, একাদশ শ্রেণির ওই ছাত্রীকে অবিলম্বে স্কুল থেকে বার করে দিতে হবে। তার জন্যই স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুল কর্তপক্ষ জানান, তাঁরা চাইলে ওই ছাত্রীর বিরুদ্ধেও পুলিশের কাছে এফআইআর দায়ের করতে পারতেন। কিন্তু তার ভবিষ্যতের কথা মাথায় রেখেই শুধু জেনারেল ডায়েরি করা হয়েছে।
ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। তাদের ফোনে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা কেউ বাড়িতেও নেই।