• রক্ত ঝরছে কাঁঠাল গাছ থেকে! লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ফুল-বেলপাতা দিয়ে পুজো শুরু গোবরডাঙায়
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • করাত দিয়ে কাঁঠাল গাছ কাটতে গিয়েছিলেন একজন। তখনই দেখা যায়, গাছের ফিনকি দিয়ে লালচে তরল বেরিয়ে আসছে। যেন রক্ত ঝরছে! এ কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় মছলন্দপুর-বেলেডাঙা রেলগেট এলাকায়।

    কাঁঠাল গাছটিকে দেখতে সকাল থেকেই ভিড় করেছেন বহু মানুষ। যে বাড়ির গাছ, সেই বাড়ির লোকেরাও ধূপ-ধুনো-প্রদ্বীপ জ্বেলে, ফুল-বেলপাতা দিয়ে গাছটিকে পুজো করা শুরু করেছেন। গাছটিকে লাল পাড় সাদা শাড়িও পরিয়ে দেওয়া হয়েছে। কৌতূহলীদের অনেকের দাবি, এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই অলৌকিক বিষয় জড়িয়ে রয়েছে।

    স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরেই এলাকার কয়েক জন বিভিন্ন দেবদেবীকে স্বপ্নে দেখছেন। তার মধ্যেই কাঁঠাল গাছ থেকে ‘রক্ত ঝরা’র এই ঘটনার নিশ্চয়ই কিছু গভীর অর্থ রয়েছে। যদিও গাছ থেকে যে তরল পদার্থ বের হতে দেখা গিয়েছে, তা আদৌ রক্ত কি না, তা-ই এখনও স্পষ্ট নয়। এলাকারই কারও কারও মত, ওই তরল পদার্থ বিশেষ কোনও রস হতে পারে। নয়তো এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ারও যোগ থেকে থাকতে পারে। তবে যত ক্ষণ না পরীক্ষা করা হচ্ছে, তত ক্ষণ নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব নয়।

    এ ব্যাপারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বটানি অ্যান্ড ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক অমলকুমার মণ্ডল এই সময় অনলাইন-কে বলেন, ‘সব গাছ থেকে এক ধরনের তরল পদার্থ বের হয়, যাকে বিজ্ঞানের ভাষায় ল্যাটেক্স বলা হয়। কোনও গাছের ক্ষেত্রে এই তরল সাদা হয়, কোনও গাছের ক্ষেত্রে তা হলুদ হয়। কাঁঠাল গাছের তা সাধারণত সাদা হয়। কিন্তু অক্সিডাইজ় হয়ে লালচে হতে পারে। এই এচোঁড় দীর্ঘক্ষণ ফেলে রাখলে এ রকম লালচে দেখাতে পারে। এটার সঙ্গে দেবদেবী-পুরাণ কথার কোনও সম্পর্ক নেই।’

  • Link to this news (এই সময়)