Big Breaking: পচা বা বাসি খাবার, খাবারে ছত্রাক থাকা, রঙের ব্যবহার এবং অত্যন্ত নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে একাধিক রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে পুরসভা সূত্রের খবর। একটি সূত্রের দাবি, এই রেস্তোরাঁগুলির ফুড লাইসেন্স আপাতত সাসপেন্ড করার কথা ভাবা হচ্ছে।
তবে পুরসভার সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই কলকাতার অন্তত ২৫টি রেস্তোরাঁর ফুড লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর। লাইসেন্স সাসপেন্ড করলেও দুই সপ্তাহ মতো সময় দেওয়া হবে। তার মধ্যে সমস্ত শর্ত মানবে রেস্তোরাঁ। তারপরে ছবি তুলে পুরসভাতে পাঠানো হবে। তারপরে পুরসভার তরফে আবার ফুড সেফটি অফিসারকে পাঠানো হবে। তিনি সব খতিয়ে দেখে আবার রেস্তোরাঁ চালুর অনুমতি দেওয়া হতে পারে।
খাদ্য নিরাপত্তা সপ্তাহ চলাকালীন কলকাতা পুরসভার ফুড সেফটি ব্রাঞ্চ একাধিক অভিযান চালাচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত যে তথ্য মিলেছে, তাতে দেখা গিয়েছে
অভিযান হয়েছে ৩৯৮৯টি জায়গা.
গুরুতর বেনিয়ম: ৩৪৮৯টি জায়গায়
নমুনা নেওয়া হয়েছে: ২১৫১টি জায়গায়
বিক্রি বন্ধ: ৬০টি জায়গায়
লাইসেন্স বাতিল/সাসপেন্ড: ২৫টির
দোকান বন্ধ: ৪৮টি
কাজ শুরু: ২৯টি
কলকাতা পুরসভার কমিশনার জানিয়েছেন, এই অভিযানে ১২২৪ কেজি খাবার নষ্ট করা হয়েছে। বহু খাবারের নমুনা নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, রেস্তোরাঁর পরিচ্ছন্নতা, কী কী উপকরণ ব্যবহার করা হচ্ছে, হাইজিন মেনে চলা হচ্ছে কি না এগুলিই দেখা হবে। স্বাস্থ্য বিধি মেনে চলা হয়নি বলেই রেস্তোরাঁগুলির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।
রেস্তোরাঁর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে। ইঁদুর, আরশোলার উপদ্রব দেখা গিয়েছে। পচা মাংস, মাছ দেখা গিয়েছে। কোথাও কোথাও ছত্রাক ধরা মাংস-মাছ দেখা গিয়েছে। এই পরিস্থিতিতেই রেস্তোরাঁগুলির ফুড লাইসেন্স সাসপেন্ড করতে হয়েছে বলে খাদ্য নিরাপত্তা দপ্তর সূত্রের খবর।