আর কয়েক মাসের অপেক্ষা। তার পরেই ট্র্যাকে ছুটবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম বুলেট ট্রেন। মঙ্গলবার বরোদায় ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠান থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললেন, ‘সব ঠিক থাকলে আগামী বছরের মে বা জুনের মধ্যেই পরীক্ষামূলক ভাবে বুলেট ট্রেন চালানো হবে।’
দু’দিন আগেই কামরা তৈরির কাজ শেষ হয়েছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন রেলমন্ত্রী। এ বার স্কুইজ টেস্ট হবে। কামরার কাঠামোর শক্তি পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। তার পরে শুরু হবে ট্রায়াল রান। অগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমেদাবাদ-মুম্বই রুটে বুলেট ট্রেন ছুটবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে প্রথমেই পুরো রাস্তায় ট্রেন যাবে না। শুধুমাত্র গুজরাটের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত চালানো হবে।
দুই থেকে চার মাস পরীক্ষামূলক ভাবে বুলেট ট্রেন চালিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি বলেন, ‘মে-জুনে ট্রায়াল রান হবে। দুই থেকে চার মাস পরীক্ষামূলক ভাবে চালানোর পরে প্রথম বুলেট ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’ উল্লেখ্য, ২০১৭-তেই মুম্বই-আমেদাবাদ ৫০৮ কিলোমিটার দীর্ঘ পথে বুলেট ট্রেন চালানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডরে মোট ১২টি স্টেশন থাকবে। তার মধ্যে ৯টি গুজরাটে এবং ৩টি মহারাষ্ট্রে। মুম্বইয়ের স্টেশনটি তৈরি হবে মাটির নীচে, বাকি স্টেশনগুলি থাকবে মাটির উপরেই। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি।
এ দিনের অনুষ্ঠানে দাদরি থেকে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট (JNPT) পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলেই ‘সোনালি চতুর্ভুজ’ মহাসড়ক প্রকল্পের পাশাপাশি এই ফ্রেট করিডর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী কংগ্রেস সরকারের আমলে প্রকল্পের কাজ একটুও এগোয়নি বলে অভিযোগ করেন তিনি।
ভারতের প্রথম বুলেট ট্রেন কবে পরীক্ষামূলক ভাবে চলবে?
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের মে বা জুনে পরীক্ষামূলক ভাবে চালানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
প্রথমে কোন পথে বুলেট ট্রেন চলবে?
প্রথম পর্যায়ে পুরো মুম্বই–আমেদাবাদ রুটে নয়, গুজরাটের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত ট্রেন চালানো হবে।
কবে বুলেট ট্রেনের পরিষেবা শুরু হতে পারে?
মে–জুনে ট্রায়াল শুরু করে ২–৪ মাস পরীক্ষামূলক ভাবে চালানোর পর, ২০২৭ সালের আগস্ট–সেপ্টেম্বর নাগাদ পরিষেবা উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
মুম্বই–আমেদাবাদ করিডরে কতগুলি স্টেশন থাকবে?
মোট ১২টি স্টেশন থাকবে—৯টি গুজরাটে এবং ৩টি মহারাষ্ট্রে।
বুলেট ট্রেনটি কি জাপানি প্রযুক্তিতে তৈরি?
ট্রেনটি জাপানের শিনকানসেন প্রযুক্তির আদলে চলবে, তবে রেলমন্ত্রীর দাবি অনুযায়ী এটি ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে।