• কৌশিকী অমাবস্যায় রামপুরহাট রুটে অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল, দেখে নিন সম্পূর্ণ সময়সূচি
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তদের ভিড় সামালাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-রামপুরহাট ও রামপুরহাট-হাওড়ায় চলবে বিশেষ ট্রেন। এর পাশাপাশি রামপুরহাটগামী একাধিক ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে পূর্ব রেল।

    পূর্ব রেল সূত্রে খবর, কৌশিকী অমাবস্যার মেলা ঘিরে প্রতি বছরই রামপুরহাটমুখী ট্রেনগুলিতে ব্যাপক ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই এ বার যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ট্রেন ও কোচের ব্যবস্থা করা হয়েছে।

    রেলের তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্রতিদিন একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে। সেটি হাওড়া থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছাড়বে। রামপুরহাটে পৌঁছবে বিকেল ৫টা ৩০ মিনিটে। ফিরতি পথে রামপুরহাট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ১১টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।

    একই সঙ্গে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১০ থেকে ১৪ সেপ্টেম্বর জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেসে একটি করে অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা দেওয়া হবে।

    একই ভাবে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস, রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেস, হাওড়া–আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস এবং আজিমগঞ্জ–হাওড়া গণদেবতা এক্সপ্রেসেও একটি করে অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে।

    তবে ১১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত কৌশিকী অমাবস্যা থাকায় শহিদ এক্সপ্রেসে ভিড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই দিন হাওড়া–রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেসে আরও একটি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণির কামরা দেওয়া হবে। অর্থাৎ ওই দিন ট্রেনে মোট দু’টি অতিরিক্ত কামরা থাকবে।

  • Link to this news (এই সময়)