করিমস থেকে বলরাম মল্লিক, সাসপেন্ড এই ৪০ রেস্তোরাঁ-মিষ্টির দোকান; দেখুন সম্পূর্ণ তালিকা
আজ তক | ০৯ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Restaurant Food License: কলকাতার ৪০টি নামী রেস্তোরাঁ, মিষ্টির দোকানের ফুড লাইসেন্স সাসপেন্ড। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের বিষয়ে জানান পুর কমিশনার স্মিতা পাণ্ডে। তালিকায় করিমসের মতো নামজাদা বিরিয়ানির দোকানের শাখা রয়েছে। ডন জিওভানির মতো কন্টিনেন্টাল রেস্তোরাঁ আছে। তেমনই বলরামের মতো নামী মিষ্টির দোকানের নামও রয়েছে। প্রতিটি দোকানের বিরুদ্ধে আলাদা আলাদা অভিযোগ। কোথাও অভিযোগ অপরিচ্ছন্নতার। কোথাও বাসি খাবার স্টোর করে রাখার। সব মিলিয়ে এই ৪০টি দোকানের ফুড লাইসেন্স আপাতত সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই কলকাতা ও শহরতলির বিভিন্ন রেস্তোরাঁয় ঢুঁ মেরেছেন আধিকারিকরা। শুধু রেস্তোরাঁই নয়, বড় বাজার, ওয়েল মিলেও গিয়েছেন। আর তাতে যে ছবি উঠে এসেছে, তা সত্যিই উদ্বেগজনক। কোথাও ফ্রিজে মিলেছে কেজি কেজি বাসি খাবার, পচা মাংস। কোথাও আবার রান্নার জায়গা অপরিচ্ছন্ন। মিষ্টির দোকানে মিলেছে ফাঙ্গাস ধরা দই, ছানা, মিষ্টিও। স্বাভাবিকভাবেই, ঘটনার নানা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোন কোন রেস্তোরাঁ, মিষ্টির দোকানের ফুড লাইসেন্স বাতিল হচ্ছে? দেখুন সম্পূর্ণ তালিকা:
পুর কমিশনার জানিয়েছেন, আপাতত এই প্রতিষ্ঠানগুলির ফুড লাইসেন্স সাসপেন্ড করা হল। অর্থাৎ, তাঁরা কিছুদিন ব্যবসা করতে পারবেন না। এই সময়ের মধ্যে তাঁদের ঠিক কী কী সংশোধন করতে হবে, তাও স্পষ্টভাবে জানানো হয়েছে। রেস্তোরাঁ, দোকান মালিকদের সেগুলি করে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে। তারপরেই তাঁদের আবেদন বিবেচনা করে দেখবেন আধিকারিকরা।