কেবল সামাজিক মাধ্যমে ঝাঁজালো বার্তা, রাজনৈতিক লড়াই নয়। লালঝান্ডা নিয়ে এবার আন্দোলনে নামছে সিপিএম (CPM)। মানুষ বঞ্চিত, নাগরিক পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন সিপিএম নেতৃত্ব। সেই হিসেবে আগামী কাল, বুধবার শিলিগুড়ি পুরনিগম অভিযানের ডাক দিয়েছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। গতকাল, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এই বার্তা দিয়েছেন নেতৃত্ব।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূল কংগ্রেস আড়াআড়ি ভেঙে গিয়েছে। শাসকদল ও সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে বিরোধিতার প্রেক্ষাপটও রয়েছে। কিন্তু সিপিএম লালঝান্ডা নিয়ে তেড়েফুঁড়ে রাস্তায় কোথায়? ধারাবাহিক আন্দোলন কোথায় দেখা যাচ্ছে? নেতৃত্বরা আন্দোলন নিয়ে কী বার্তা দিচ্ছেন? কল্যাণীতে সম্প্রতি সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনেও এইসব বিষয়ে প্রশ্ন উঠেছিল। দিন কয়েক আগে সিপিএমের একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা সোশাল মিডিয়ায় দলের ‘ফেসবুক বিপ্লবী’দের বিরুদ্ধে তোপ দেগেছেন।
এবার কি তাহলে ‘ঘরবন্দি’ দশা ছেড়ে বেরচ্ছে সিপিএম? তৃণমূলের হারানো জমি দখলে মরিয়া! রাজ্যে পালাবদলের পরই শিলিগুড়ি পুরনিগম ভেঙে যায়। জুন মাসে মেয়র পদ ত্যাগ করেছিলেন তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়ি পুরসভায় ৪৭টি ওয়ার্ড রয়েছে। সম্প্রতি প্রশাসক বসানো হয় রাজ্যের তরফে। এদিকে শিলিগুড়ি শহরে নাগরিক পরিষেবা মিলছে না বলে অভিযোগ উঠছে। বহু ওয়ার্ডে পানীয় জল থেকে নিকাশি ব্যবস্থার অনিয়ম দেখা দিয়েছে। সিপিএমের অভিযোগ, পানীয় জলের সমস্যা, বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থার অবনতি তো আছেই। পাশাপাশি জন্ম-মৃত্যু শংসাপত্র ও বিল্ডিং প্ল্যান অনুমোদনে দীর্ঘ সময় লাগানোর অভিযোগ রয়েছে। সেই বিষয় নিয়েই এবার মাঠে নামছে শিলিগুড়ি সিপিএম। দার্জিলিং জেলা কমিটির সেক্রেটারি সমন পাঠক জানিয়েছেন, মানুষ পরিষেবা পাচ্ছেন না। মানুষের জন্য এই আন্দোলন।
আগামী কাল দুপুরে মহানন্দা ব্রিজের সামনে থেকে মিছিল শুরু হবে। পুরনিগম অভিযানের পর স্মারকলিপি জমা দেওয়া হবে বলে খবর। এই কর্মসূচি নিয়ে তোড়জোরও চলছে সিপিএম নেতৃত্ব, কর্মী-সমর্থকদের মধ্যে। জানা গিয়েছে, প্রশাসনের তরফে এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ইস্যুতে প্রস্তুতি চলছে। পুরনিগমের অনেক আগেই মিছিল আটকানোর সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে খবর।