• মেয়েকে কেন শাসন? স্কুলে গিয়ে শিক্ষিকাকে হেনস্তা ছাত্রীর মা-দিদির! পুলিশে অভিযোগ
    প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • ক্লাসে ছাত্রীকে শাসক করেছিলেন শিক্ষিকা। সেই ঘটনার দু’দিন কাটতে না কাটতেই সটান স্কুলে হাজির ওই ছাত্রীর মা ও দিদি। কেন মেয়েকে শাসন করা হয়েছে? সেই প্রশ্ন তুলে রীতিমতো হুলুস্থুল লাগিয়ে দেন তাঁরা। ওই শিক্ষিকার সঙ্গে বচসা শুধু নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। স্কুলের তরফে থানায় অভিযোগ জানান হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গার্লস হাইস্কুলে। ঘটনাটি গত সপ্তাহের। একাদশ শ্রেণির ক্লাস চলছিল ওই স্কুলে। ক্লাসের এক ছাত্রী গোলমাল করেছিল বলে অভিযোগ। ক্লাসে উপস্থিত শিক্ষিকা ওই ছাত্রীকে শাসন করেছিলেন। সেদিন আর কোনও সমস্যা হয়নি। কিন্তু সেই ঘটনার রেশ দেখা দিল আজ, মঙ্গলবার। এদিন স্কুলে হাজির ওই ছাত্রীর মা ও দিদি। কেন মেয়েকে শাসন করা হল? সেই প্রশ্ন তোলা হয়।

    ওই শিক্ষিকা অভিভাবকদের শান্ত করে কথা বলার চেষ্টা করেছিলেন। অভিযোগ, ওই ছাত্রীর মা ও দিদি কোনও কথা শুনতে চাননি। উলটে শিক্ষিকার সঙ্গেী বচসায় জড়িয়ে পড়েন! পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে অন্যান্য শিক্ষিকাও হাজির হন। দুই অভিভাবককে থামানোর চেষ্টা করেন। তাঁরাও হেনস্থার শিকার হন বলে অভিযোগ। শিক্ষিকাকে মারধরের অভিযোগও ওঠে। ঘটনায় স্কুলের পড়ুয়াদের মধ্যেও সাময়িক আতঙ্ক ছড়িয়েছিল।

    ঘটনার পরেই স্কুলের শিক্ষিকারা স্থানীয় থানায় যান। ওই দুই অভিভাবকের বিরুদ্ধে অভিযোগও জানানো হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দনা বসু ঘোষ দস্তিদার জানিয়েছেন, “৩৩ বছরের শিক্ষকতা জীবনে এমন ঘটনা দেখিনি। ছাত্রীর দিদি এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী। শিক্ষিকাদের সঙ্গে অশোভন আচরণের পাশাপাশি হুমকিও দিয়েছেন। ছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখেই থানায় অভিযোগ জানানো হয়েছে।” পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। ঘটনা নিয়ে সমালোচনায় সরব অন্যান্য অভিভাবকরাও।

     
  • Link to this news (প্রতিদিন)