• স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ, মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার জনপ্রিয় ডিজে
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • জনপ্রিয় ডিজে জুটি ‘প্রগ্রেসিভ ব্রাদার্স’-এর প্রতিষ্ঠাতা সানি শর্মাকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং হাওড়া পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে FIR দায়ের করেছিলেন সানির স্ত্রী। তার পরেই সানি জাকার্তায় পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। হাওড়ায় এনে তাঁকে জেলা আদালতে তোলা হলে সানিকে জামিন দিয়েছেন বিচারক।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে গুরুগ্রামের ফ্ল্যাটে থাকতেন সানি। ডিজে-র অনুষ্ঠানের জন্য বিভিন্ন রাজ্যে ঘুরতে হতো তাঁকে। নাম প্রকাশে অনিচ্ছুক সানির স্ত্রীর দাবি, সেই সময়ের সুরাটের এক তরুণীর সঙ্গে আলাপ হয় তাঁর স্বামীর। বন্ধুত্ব প্রেমে গড়ায়। শুধু তাই নয়, সানির স্ত্রীর আরও দাবি, ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই তড়িঘড়ি তাঁকে বিয়ে করেন সানি। ঘটনার কথা জানতে পেরেই হাওড়ার ফোরশো রোডে বাবার কাছে চলে আসেন তিনি। তার পরে হাওড়ার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    ঘটনার তদন্তে নেমে সানির গুরুগ্রামের ফ্ল্যাটে পৌঁছন তদন্তকারীরা। কিন্তু ততক্ষণে তিনি জাকার্তার উদ্দেশে বেরিয়ে পড়েছেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে লুকআউট নোটিস জারি করে মুম্বই বিমানবন্দর থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তবে সানির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাঁর বাবা মধুসূদন শর্মা। তাঁর দাবি, ‘ছেলেকে বদনাম করার জন্য মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’

    আপাতত নথিপত্র এবং প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, মুম্বই থেকে ডিজে সানি শর্মাকে গ্রেপ্তারের পরে হাওড়ায় নিয়ে এসে আদালতে পেশ করা হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে রেখে তদন্ত চালানো হচ্ছে। পুলিশ আপাতত দ্বিতীয় বিয়ে, দুই পক্ষের বক্তব্য, বিভিন্ন নথিপত্র, মোবাইল চ্যাট এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

    সানি শর্মা কে?

    তিনি জনপ্রিয় ডিজে জুটি ‘প্রগ্রেসিভ ব্রাদার্স’-এর প্রতিষ্ঠাতা।

    কেন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে?

    স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে দায়ের হওয়া FIR-এর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    কোথা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়?

    মুম্বই বিমানবন্দর থেকে ইমিগ্রেশন দফতর ও হাওড়া পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করেন।

    দ্বিতীয় বিয়ের অভিযোগটি কী?

    সানির স্ত্রীর অভিযোগ, ডিজে-র অনুষ্ঠান করতে গিয়ে সুরাটের এক তরুণীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক তৈরি হয় এবং ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর সানি তাঁকে বিয়ে করেন। বিষয়টি এখনও পুলিশের তদন্তাধীন।

    সানি কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন?

    পুলিশের দাবি, তদন্তকারীরা তাঁর গুরুগ্রামের ফ্ল্যাটে পৌঁছনোর আগেই সানি জাকার্তার উদ্দেশে বেরিয়ে পড়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়।

    সানির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর পরিবারের বক্তব্য কী?

    তাঁর বাবা মধুসূদন শর্মা অভিযোগগুলি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ছেলেকে বদনাম করার জন্য মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।

  • Link to this news (এই সময়)