একাধিক জেলায় বজ্রপাত। তাতে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। মঙ্গলবার বজ্রপাতের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটছে বাঁকুড়া এবং নদিয়া জেলায়। বাঁকুড়ার বড়জোড়া এলাকায় মৃত্যু হয়েছে এক মহিলা এবং কিশোরের। অন্য দিকে, নদিয়ার চাপড়া এলাকায় মৃত্যু হয়েছে এক কৃষকের।
মাঠে খেলার সময় বজ্রপাত
বড়জোড়ার মানাচর পল্লীশ্রী কলোনির মাঠে খেলার সময়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক নাবালকের। মৃতের নাম অনুদীপ বিশ্বাস (১৬)। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মানাচর পল্লীশ্রী কলোনির মাঠে খেলা করছিল অনুদীপ-সহ চার জন। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে খেলার সময়েই বজ্রপাত হয়। ওই চার জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানেই অনুদীপকে মৃত ঘোষণা করা হয়। অন্য তিন জন চিকিৎসাধীন।
চাষের কাজের সময় মৃত্যু মহিলার
বড়জোড়ার কৃষ্ণনগরে মাঠে স্বামীর সঙ্গে কাজ চাষের কাজ করছিলেন অলকা ভূঁই (৫৪)। সেই সময়েই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। বজ্রাঘাতের জেরে মাঠেই লুটিয়ে পড়েন অলকা। আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নিয়ে যান বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বজ্রাঘাতে মৃত্যু কৃষকের
অন্য দিকে, নদিয়ার চাপড়া এলাকাতেও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কৃষকের। মৃতের নাম সরফরাজ মণ্ডল (২৩)। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা ঘটছে চাপড়া থানার দক্ষিণ বৃত্তিহুদা এলাকায়। ওই এলাকায় চাষের জমির পাট ছাড়ানোর কাজ চলছিল পুকুরে। সেই সময় হঠাৎ কালো মেঘে ঢেকে যায় গোটা এলাকা। আচমকা শুরু হয় বজ্রপাত-সহ বৃষ্টি। ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই সরফরাজকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে।