এই সময়, বালুরঘাট: পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে আজ, বুধবার পথে নামছে বিজেপি। বালুরঘাট পুরসভার প্রায় প্রত্যেক ওয়ার্ডে আবর্জনার স্তূপ। অথচ পুরসভা সেই নোংরা নিয়মিত পরিষ্কার না-করায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সরকারেরও বদনাম হচ্ছে।
তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভা ইচ্ছাকৃত ভাবে এমনটা করছে বলে অভিযোগ করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। সেই কারণে শহরের আবর্জনা পরিষ্কারের দাবি-সহ পুরসভার একাধিক দুর্নীতির প্রতিবাদে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বালুরঘাট শহর বিজেপি নেতৃত্ব। আজ, বুধবার মঙ্গলপুর এলাকা থেকে মিছিল করে এসডিও অফিসের যাবেন তাঁরা। দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। পুর-পরিষেবায় ঢিলেমি এসেছে বলে মনে করেন আরএসপি নেতা প্রলয় ঘোষও। তাঁর অভিযোগ, 'গোটা শহর আবর্জনায় ভরে গিয়েছে।'
গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফরের আগে শহরের রাস্তাঘাট ঝাঁ-চকচকে করেছিল পুরসভা। সরিয়ে ফেলা হয়েছিল রাস্তার ধারে জমে থাকা আবর্জনা। তবে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে ফের রাস্তায় আবর্জনার স্তূপ! কোথাও আবার ডাস্টবিন উপচে ময়লা ছড়িয়ে পড়েছে রাস্তায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও একই ছবি। শুধু রাজনৈতিক নেতারা নন, পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে