• সুস্থতার সঙ্গে কেরিয়ার, ফিজ়িওথেরাপিতে দিশা
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, বর্ধমান: বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে মঙ্গলবার বর্ধমানে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। ১৯৫১-র ৮ সেপ্টেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে ফিজিওথেরাপিস্টদের প্রথম জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করেই ১৯৯৬ থেকে তৎকালীন ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিকাল থেরাপি (যা বর্তমানে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি নামে পরিচিত) এই দিনটি পালন করে আসছে। এ দিন বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্সেস এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের উদ্যোগে যৌথ ভাবে দিনটি পালন করা হয়।

    ইনস্টিটিউটের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থোপেডিক সার্জেন শাশ্বত দত্ত, নিউরো মেডিসিনের চিকিৎসক শিলাদিত্য দাস এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিষেক মিশ্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামাপ্রসাদ চৌধুরী। অনুষ্ঠানে চিকিৎসকরা ফিজিওথেরাপির গুরুত্ব ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর ভূমিকা তুলে ধরেন।

    শ্বাশত দত্ত বলেন, 'আজকের এই দিনটি শুধু একটি পেশার উদ্যাপন নয়, এটি মানুষের চলার শক্তি, আত্মবিশ্বাস এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার উদ্যাপনও বলতে পারেন।' অভিষেক মিশ্রর কথায়, 'যেখানে ব্যথা আমাদের চলার পথ রুখে দেয়, সেখান থেকেই ফিজিওথেরাপির পথচলা শুরু। আমার বাইপাস সার্জারির পরে ফিজিওথেরাপির অভিজ্ঞতা থেকেই আমি এটা অনুভব করেছি।'

    চিকিৎসা পদ্ধতিতে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা ও পরিবর্তন নিয়ে বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্সেসের অ্যাসোসিয়েট প্রফেসর তথা ক্লিনিকাল ইন-চার্জ সত্যেন ভট্টাচার্য বলেন, 'কেউ হঠাৎ হাঁটতে পারছেন না। কেউ সোজা দাঁড়াতে পারছেন না। তখন তাঁর সবচেয়ে বড় প্রয়োজন কী? শুধু ওষুধ? নাকি এমন একজন যিনি তাঁকে বলবেন- আপনি পারবেন, আবার হাঁটবেন। অভয় দেওয়ার এই কথাটিকে বাস্তবে রূপ দেওয়ার নামই ফিজিওথেরাপি।' তিনি আরও যোগ করেন, 'যখন প্রাকটিস শুরু করেছিলাম তখন রোগীরা ডাক্তারের রেফারাল নিয়ে আসতেন। এখন রোগীরা সরাসরি আমাদের কাছে আসেন। ফিজিওথেরাপি এখন মাইগ্রেন, কনস্টিপেশন এমনকী অনিদ্রার মতো রোগেও কাজে আসে।'

    উপস্থিত ছিলেন, যাঁদের জীবন ফিজিওথেরাপির চিকিৎসায় আমূল বদলে গিয়েছে। চিকিৎসাক্ষেত্রে এই পেশার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে কথা বলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ এমএস আনোয়ার। তিনি জানান, এখন অনেকে উচ্চ মাধ্যমিক পাস করে ফিজ়িয়োথেরাপি কোর্সে ভর্তি হতে চায়। ফিজিওথেরাপির এখন কাউন্সিলও রয়েছে- ন্যাশনাল কমিশন ফর এলায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন। যার জন্য ভবিষ্যতে এই প্রফেশন আরও উন্নতির শিখরে উঠবে।'

  • Link to this news (এই সময়)