পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ভাঙড়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে। জানা গিয়েছে, ট্র্যাফিক সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি বাস এবং একটি চারচাকা গাড়ি সিগন্যাল ভেঙে এগিয়ে যায়। সেই সময়েই রাস্তা পার করতে গিয়ে গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান ওই মহিলা। মুহূর্তের মধ্যেই দ্রুতগামী বাসের চাকায় পিষে যান তিনি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তেজিত জনতা বাস এবং চারচাকা গাড়িটিতে ভাঙচুর চালিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়ে পারাপারের চেষ্টা করছিলেন ওই মহিলা। সেই সময়ে ট্র্যাফিক সিগন্যাল লাল ছিল। ফলে, আইন অনুযায়ী কোনও গাড়ি চলার কথা নয়। অভিযোগ, সেই সিগন্যাল না মেনেই, ট্র্যাফিক আইন ভঙ্গ করে ছুটে আসে একটি চারচাকা গাড়ি এবং একটি বাস।
জানা গিয়েছে, গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান ওই মহিলা। মুহূর্তের মধ্যে ধামাখালি থেকে কলকাতাগামী বাসটি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত জনতা বাসন্তী হাইওয়েতে বাস এবং গাড়িটিতে ভাঙচুর চালায়। প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ।
খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ট্র্যাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও বহু গাড়ির চালক সেই সিগন্যাল মানেন না। এ বিষয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।