• ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমের জেলায়, দুর্যোগের মেঘ কেটে রোদের দেখা মিলবে কবে? রইল আপডেট
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • পূর্বাভাস আগেই ছিল। সেই মতোই মঙ্গলবার সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বুধবারও পরিস্থিতি একই রকম থাকলেও শীঘ্রই অবস্থার উন্নতি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে আকাশের দেখাও মিলতে পারে। তবে, বৃষ্টির পরিমাণ কমলে ঘর্মাক্ত অস্বস্তি বৃদ্ধি পাবে। 

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের উপর দিয়ে বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই বৃষ্টি চলছে রাজ্যে। আজ, বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা ভারী বৃষ্টিও  হতে পারে। তবে, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি উন্নত হতে পারে। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি কমলে মেঘ কেটে গিয়ে রোদের দেখা মিলতে পারে। তবে, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

    কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের তাপমাত্রা সর্বাধিক ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশের আশেপাশে থাকতে পারে।

    দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। তবে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম। তবে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হতে পারে। অন্য দিকে, শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আগামী ১১ সেপ্টেম্বর পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এর অবস্থান বাংলা থেকে অনেকটাই দূরে থাকবে। ফলে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

    দক্ষিণবঙ্গে কবে থেকে রোদের দেখা মিলবে?

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং মেঘ কেটে গিয়ে রোদের দেখা মিলতে পারে।

    আজ (বুধবার) কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আছে?

    আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

    বৃষ্টি কমলে কি গরমের অস্বস্তি দূর হবে?

    না, উলটে অস্বস্তি আরও বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলে এবং রোদের দেখা মিললেও, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে ঘর্মাক্ত ও ভ্যাপসা গরমের অস্বস্তি বৃদ্ধি পাবে।

    উত্তরবঙ্গে কি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে?

    হ্যাঁ, চলতি সপ্তাহের শুক্র ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আগামী ১১ তারিখের নিম্নচাপের কারণে কি বাংলায় আবার দুর্যোগ হবে?

    না। আগামী ১১ সেপ্টেম্বর পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও, এটি বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করবে। ফলে পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

  • Link to this news (এই সময়)