• মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন মোদি
    প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • শারদ আকাশে ড্রোনের উজ্জ্বল আলোয় মায়ের মুখ। আকাশে বাতাসে ধ্বনিত হবে মাতৃবন্দনা। এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঁকবেন মায়ের চোখ! মহালয়ার সন্ধ্যায় ইডেন উদ্যানে সেই চক্ষুদানের সঙ্গেই সূচনা হবে এবারের দুর্গাপুজোর। তার আগে থাকছে রোড শো। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড ধরে পুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা। যা তুলে ধরবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে।

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে যখন ইডেনে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে চারদিক। বেজে উঠবে ১০ হাজার ঢাক! মনে করা হচ্ছে এমন ঘটনা জায়গা করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও। স্টেডিয়াম পরিক্রমার সময় শ্রেয়া ঘোষাল গাইবেন পুজোর গান। নবান্ন সূত্রে খবর, পুজোর এই অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে দফায় দফায় এ নিয়ে বৈঠক হয়েছে। সামান্য কিছু বদল হলেও হতে পারে। তবে অনুষ্ঠানের ব্লু-প্রিন্ট চূড়ান্ত। ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন চলে যাচ্ছে এসপিজির হাতে। ইডেনের অনুষ্ঠান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ১০ হাজার দুর্গাপুজোর উদ্বোধন হবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত ধরে। থাকছে ‘মা আসছে-উমা স্টোরি’ থিমে থ্রি ডি প্রোজেকসন ম্যাপিং শোয়ের অত্যাধুনিক ব্যবস্থা।

    নবান্ন সূত্রে খবর, বিকেল চারটের সময় শুরু হবে ইডেনে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতিকে তুলে ধরা হবে সেখানে। অনুষ্ঠানে দার্জিলিঙের তামাং সেলো থেকে শুরু করে কালিম্পঙের লেপচা নাচ, জলপাইগুড়ির, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের রাজবংশী লোকনৃত্যও পরিবেশিত হবে। এ ছাড়াও মালদহের গম্ভীরা, বীরভূমের বাউল, পূর্ব বর্ধমানের রাইবেশে, পশ্চিম বর্ধমানের সাঁওতালি নাচ, নদিয়ার গৌড়ীয় বৈষ্ণব নাচ, বাঁকুড়া এবং পুরুলিয়ার ছৌ পরিবেশিত হবে। ঝাড়গ্রামের সাঁওতালি নাচ, পূর্ব মেদিনীপুরের পটুয়ার গান, হুগলির রামপ্রসাদী, হাওড়ার লোকনাট্য, উত্তর ২৪ পরগনার বনবিবি পালা-সহ সব জেলার নানা অনুষ্ঠান হবে।
  • Link to this news (প্রতিদিন)