নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুর্গাপুজোর আগে শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে এবং দুর্ঘটনা রুখতে বিদ্যুৎ সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করল হাওড়া পুরসভা। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই হাওড়া কোর্ট চত্বরে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ইলেকট্রিক বক্স থেকে বেরিয়ে থাকা তারে হাত লেগে গুরুতর জখম হলেন এক যুবক। মঙ্গলবার বিকালের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ সাদ্দাম (২৩)। তাঁর বাড়ি বাঁকড়ায়।
পুজোর প্রস্তুতি নিয়ে এদিন পুরসভায় আয়োজিত বৈঠকে নেতৃত্ব দেন পুর কমিশনার তেজস্বী রানা। উপস্থিত ছিলেন সিইএসসি, ডব্লুবিএসইডিসিএল, আইএসপিএস সহ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার আধিকারিকরা। শহরের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে ঝুলে থাকা বিদ্যুতের তার সরিয়ে ফেলা, খোলা তার থেকে দুর্ঘটনা রোখা এবং পুজোর সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের উপর জোর দেন কমিশনার। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
এদিকে, এদিন বিকালে এসডিও বাংলোর উল্টোদিকের ফুটপাত দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা বক্স থেকে বেরিয়ে থাকা তারে হাত লেগে যায় সাদ্দামের। বৃষ্টির মধ্যে যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পর ওই অংশ কাঠ দিয়ে ঘিরে দেওয়া হয়। সিইএসসির লাইনে কোনো গোলমাল বা রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখছে পুরসভা।