• বাখরাহাট ফাঁড়িতে যুবকের মৃত্যুতে উত্তেজনা, ওসিকে ক্লোজ, অভ্যন্তরীণ তদন্ত ডায়মন্ডহারবার পুলিশ জেলার
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সাতগাছিয়া বিধানসভার বাখরাহাট ফাঁড়িতে পুলিশের হেপাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ক্লোজ করা হল ওসিকে। ডায়মন্ডহারবার পুলিশ জেলা সূত্রে খবর, এই ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে তারা। কীভাবে যুবকের মৃত্যু হল, পুলিশের গাফিলতি ছিল কি না, কোনো মানসিক বা শারীরিক অত্যাচার হয়েছিল কি না প্রভৃতি বিষয় খতিয়ে দেখবে তদন্তকারী দল। মৃত পালান রায়ের পরিবারের তরফেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, সোমবার এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগে থানায় তুলে আনা হয়েছিল ওই যুবককে। তারপর  তিনি অসুস্থ বোধ করছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছিল তাঁর। এই ঘটনায় ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠেন মৃতের গ্রামের লোকজন। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। কেউ আবার দাবি করেন, ফাঁড়ির ভিতরে মারধর করা হয়েছিল পালানকে। পুলিশের দাবি, ঘটনার দিন প্রচুর মদ্যপান করেছিলেন পালান। কয়েক বছর আগে বুকে তাঁর পেসমেকার বসেছে। একটি মারামারির ঘটনায় জড়িয়েছিলেন তিনি। ফাঁড়িতে আসার সময় অসুস্থ বোধ করছিলেন। কিন্তু ফাঁড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয়েছে ।
  • Link to this news (বর্তমান)