• ফোন-বাইকের শখেই আত্মীয়ের বাড়িতে চুরি! অভিযুক্ত কিশোর
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দামি মোবাইল আর বাইকের শখ। তা মেটাতে আত্মীয়ের বাড়িতে ঢুকে সোনা-রুপোর গয়না চুরি কিশোরের! তবে শেষরক্ষা হল না। অভিযোগের তদন্তে নেমে ১৬ বছরের ওই কিশোরকে আটক করে চুরির কিনারা করল অশোকনগর থানার পুলিশ। তার দেখানো পথেই বীজপুরের এক সোনার ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১৮ গ্রাম সোনা, ১১৩ গ্রাম রুপোর গয়না। চুরির গয়না কেনার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে ওই ব্যবসায়ী গোপাল দাসকে। মঙ্গলবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোকনগরের গুমা চৌমাথা সংলগ্ন এলাকায় বাড়ি সায়ন বলের। কাছেই বাড়ি ওই কিশোরের। আত্মীয়তার সূত্রে সায়নদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। সেই সুবাদে কোন আলমারিতে গয়না রাখা রয়েছে, তা জানত সে। পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে অভিযুক্ত কিশোর। বীজপুরের গোপাল দাসের কথাও বলেও জানায়। এরপরই বীজপুরের ওই দোকানে হানা দিয়ে গয়না উদ্ধার করে পুলিশ। কিশোরকে জুভেনাইল আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)