পানার স্তূপে জেটি কাত, তার নীচেই মৃতদেহ! কিন্তু কার?
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: পানার স্তূপ, কাত হয়ে যাওয়া জেটি আর পচা মৃতদেহের দুর্গন্ধ, এই তিন সমস্যায় কার্যত নাজেহাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। নসরতপুর ফেরিঘাটের মনমোহনপুর-কিশোরীগঞ্জ ফেরিঘাটের পাশেই এই সমস্যা নিত্যদিনের। পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালেই ফেরিঘাটের গ্রিলে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীদের অভিযোগ, ভাগীরথীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পানা ভেসে এসে ফেরিঘাট এলাকায় জমা হয়েছে। সেই পানার চাপে জেটির একটি অংশ কাত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, পানার স্তূপের মধ্যে বেশ কিছু জীবজন্তুর মৃতদেহ আটকে রয়েছে বলেও অভিযোগ। ফলে গোটা এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়েছে। ঘাটে দাঁড়ানো তো দূরের কথা, আশপাশ দিয়ে যাতায়াত করাও কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে বলে দাবি গ্রামবাসীদের।
স্থানীয়দের দাবি, সমস্যার কথা ঘাট মালিককে গত কয়েকদিন ধরে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত বুধবার সকালে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘাটের গ্রিলে তালা মেরে বন্ধ করে দেওয়া হয় ফেরি পরিষেবা।
সকাল সকাল ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। যাতায়াতের গুরুত্বপূর্ণ এই ঘাট বন্ধ থাকায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে।
গ্রামবাসীদের দাবি, দ্রুত ঘাটে জমে থাকা পানা ও মৃতদেহ সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জেটির কাত হয়ে যাওয়া অংশটিও দ্রুত মেরামত করতে হবে। অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।