• 'আমরা নিশ্চিত’, রেজিনগর ভোটের 'ফল' জানিয়ে দিল বিজেপি
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর হুঙ্কার দিয়ে দিয়েছেন, জয় নিয়ে তাঁরা ১০০% আশাবাদী।

    এরপরেই মুখ খুলেছেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন। তিনি সাফ জানিয়ে দিলেন, রেজিনগর উপনির্বাচনে পদ্ম শিবিরের জয় নিয়ে আশাবাদী হওয়ার কোনও ব্যাপার নেই, পদ্ম শিবির একদম নিশ্চিত।

    বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মলয় মহাজন বলেন, ‘আমরা আশাবাদী নই, আমরা নিশ্চিত। আগামী ৯ তারিখ, অর্থাৎ মহালয়ার আগের দিন সারা রাজ্যের কাছে রেজিনগর এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে।’

    তাঁর দাবি, রেজিনগরের মানুষ ইতিমধ্যেই বুঝে গিয়েছেন এলাকার প্রকৃত উন্নয়ন একমাত্র বিজেপিই করতে পারে। তিনি বলেন, ‘রেজিনগরের মানুষ উপলব্ধি করতে পেরেছেন, রেজিনগরের উন্নতি ভারতীয় জনতা পার্টিই করতে পারবে, অন্য কোনও দল নয়। কেন্দ্র এবং রাজ্যে এখন বিজেপি সরকার। তাই নিজেদের এলাকার উন্নতির জন্য রেজিনগরবাসী ডবল ইঞ্জিন সরকারকেই চাইছে।’

    নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিজেপি বিশ্বাস করে না। তিনি বলেন, ‘আমরা পরীক্ষার আগের রাতে পড়াশোনা করি না। আমাদের নির্বাচনী প্রস্তুতি এক-দেড় মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব এখানে এসে আমাদের বিভিন্ন কর্মসূচির নির্দেশ দিয়ে গিয়েছেন। আমরা সেই কর্মসূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি।’

    প্রার্থী নির্বাচন নিয়েও বিরোধীদের কটাক্ষ করেছেন মলয়। তাঁর কথায়, ‘আমাদের দল পিতা-পুত্রের দল নয়। আগামী কয়েকদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরই আমরা দেওয়াল লিখন শুরু করতে পারব।’

    বুথ স্তরের সংগঠন নিয়েও আত্মবিশ্বাসী বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। তিনি জানান, ‘রেজিনগরের ২৮২টি বুথেই বিজেপির এজেন্ট থাকবে এবং বুথ লেভেল নির্বাচনী কমিটিও তৈরি হয়ে গিয়েছে।’

    শুধু নির্বাচনী প্রচার নয়, মানুষের পাশে থাকার বার্তাও দিয়েছেন। তাঁর কথায়, ‘শুধু নির্বাচনী প্রচারই নয়, রেজিনগরের মানুষ যাতে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পায়, সেদিকে আমাদের নজর ছিল আগে থেকেই। তাই আমরা বুঝে গেছি, হাওয়া আমাদের অনুকূলেই রয়েছে।’

    স্বাধীনতার পর থেকে রেজিনগরে উন্নয়নের অভাবের জন্য বিজেপি দায়ী নয় বলেও সাফ জানান মলয়। তাঁর মতে, অতীতে যে সরকারই কাজ করুক, ভাল হোক বা মন্দ, তার দায় বিজেপির নয়। তাই রেজিনগরের মানুষ বিজেপিকে নতুন করে কাজ করার সুযোগ দেবেন বলেই জানিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)