• উপনির্বাচনের আগেই বড় মোড়, বিপাকে শেখ সুফিয়ান!
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উপনির্বাচনের আগে নন্দীগ্রামে বড় পদক্ষেপ, দেবব্রত মাইতি হত্যা মামলায় শেখ সুফিয়ান-সহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ গঠন। নন্দীগ্রামে উপনির্বাচনের আগে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ। বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যা মামলায় শেখ সুফিয়ান-সহ ৪১ জন অভিযুক্তের বিরুদ্ধে বুধবার হলদিয়া আদালতে চার্জ গঠন করা হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে মারধর করে খুনের অভিযোগ ওঠে। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট-পরবর্তী হিংসার মামলাগুলির তদন্তভার নেয় সিবিআই।

    সিবিআইয়ের আইনজীবী অমিতাভ মৈত্র জানিয়েছেন, দেবব্রত মাইতি হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই চার দফায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। শেখ সুফিয়ান-সহ মোট ৪২ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। ফলে ৪১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে।

    সিবিআইয়ের অভিযোগ, হত্যার উদ্দেশ্যে বেআইনি ভাবে জড়ো হওয়া একটি দল দেবব্রত মাইতি-সহ কয়েকজনের উপর হামলা চালায়। ওই হামলায় গুরুতর জখম হন দেবব্রত। পরে তাঁর মৃত্যু হয়। অমিতাভ মৈত্র বলেন, 'চার্জ গঠন হবে। আশা করছি, দেবব্রত মাইতির পরিবার আগামী ছয় মাসের মধ্যেই সুবিচারের পথে এগোতে পারবে।' আদালতের কাছে ছ'মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ-সহ মামলার পরবর্তী সমস্ত প্রক্রিয়া শেষ করার আবেদন জানানো হবে বলেও জানান তিনি।

    নন্দীগ্রামে ফের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তার ঠিক আগে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় দেবব্রত মাইতির মৃত্যুর মামলায় চার্জ গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার হলদিয়া আদালতে শুনানিতে অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ধারায় চার্জ গঠন হয় নজর সেদিকেই। 
  • Link to this news (আজকাল)