আজকাল ওয়েবডেস্ক: উত্তরকন্যায় বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক চলাকালীন পাশের হেলিপ্যাডে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায় ‘আর্মি’ লেখা একটি গাড়ি নিয়ে হেলিপ্যাডে ঢুকে পড়েন।
সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা গাড়িটি ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ গাড়িটি সরানোর চেষ্টা করলে এক কর্মী বাঁশ দিয়ে গাড়ির পিছনে আঘাত করেন বলে অভিযোগ। এরপরই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বচসা শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত সড়কপথে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। তিনি উত্তরকন্যা ছাড়ার আগেই হেলিকপ্টারটি উড়ে যায়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কীভাবে একটি গাড়ি হেলিপ্যাডে ঢুকে পড়ল, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন।
প্রসঙ্গত, খারাপ আবহাওয়ার কারণে সরাসরি উপস্থিত হতে না পেরে কালিম্পং জেলার একাধিক উন্নয়নমূলক কর্মসূচি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই উত্তরবঙ্গের পাহাড় ও চা বাগান অঞ্চলের জন্য একাধিক জনকল্যাণমুখী পদক্ষেপ এবং নতুন প্রকল্পের রূপরেখা স্পষ্ট করেন তিনি।
চা বাগান ও চা শ্রমিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পাহাড়ের বন্ধ থাকা, রুগ্ন এবং সমস্যায় জর্জরিত চা বাগানগুলির স্থায়ী সমাধান করতে বর্তমান কেন্দ্র সরকার ও তাদের প্রতিনিধিরা প্রতিশ্রুতিবদ্ধ। অসমের আদলে পশ্চিমবঙ্গেও ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা 2021’ পুরোদমে চালু করা হচ্ছে, যা পূর্ববর্তী রাজ্য সরকার কার্যকর করেনি।
এই প্রকল্পের অধীনে পাহাড় থেকে তরাই অঞ্চলের চা বাগানগুলির পরিকাঠামো উন্নয়নে 320 কোটি টাকা বরাদ্দ করে কাজ চালানো হবে। পাশাপাশি, আসন্ন দুর্গাপূজা, দীপাবলি ও ভাইফোঁটার মতো উৎসবের আগেই যাতে চা শ্রমিকরা 20 শতাংশ বোনাস পান, সে বিষয়ে শ্রম দপ্তর থেকে উপযুক্ত নির্দেশিকা বা অ্যাডভাইজরি জারির ব্যবস্থা করা হচ্ছে।