• নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোট, কী বলছে তৃণমূল-BJP?
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা, আর ঠিক তারপরেই তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। লক্ষাধিক ভোটে জয়ের দাবি বিজেপির। শান্তি ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন সর্বদলীয় বৈঠক। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন এবং ৯ অক্টোবর ভোটের ফলাফল ঘোষণা হবে। ভোট ঘোষণার পরই একদিকে যেমন সাংগঠনিক প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, অন্যদিকে তৃণমূলও প্রচার ও প্রার্থী নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করেছে।

        ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা নেতা অখিল গিরি। তাঁর অভিযোগ, শাসকদল বিজেপি সন্ত্রাসের মাধ্যমে ভোট করানোর চেষ্টা করতে পারে। ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে কোনওরকম বাধা বা সন্ত্রাসকে উপেক্ষা করেই তৃণমূল প্রচারে থাকবে বলে জানান অখিল গিরি। আগামী বুধবার প্রার্থী নির্বাচন নিয়ে দলের সুপ্রিমোর সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। জেলা নাকি কলকাতা থেকে প্রার্থী দেওয়া হবে, সেই সিদ্ধান্তও দলীয় নেতৃত্বই নেবে বলে জানান তিনি।

           অন্যদিকে বিজেপির তরফে নন্দীগ্রামে বিপুল ভোটে জয়ের দাবি করা হয়েছে। বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক আব্বাস বেগের দাবি, নন্দীগ্রাম বিজেপির কাছে মুখ্যমন্ত্রীর ভদ্রাসন। এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজেপি জয়ী হবে এবং ফলাফলে তৃণমূলকে অনেক পিছনে ফেলে দেবে বলেও দাবি তাঁর। প্রার্থী যেই হোন না কেন, জয়ের ব্যবধান বিপুল হবে বলে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব।

          ভোট ঘোষণার পরই পদ্মশিবিরে সাংগঠনিক তৎপরতাও তুঙ্গে। নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক করে বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বের সুনীল বনসল, নন্দীগ্রাম বিধানসভার বিশেষ দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ একাধিক বিধায়ক ও জেলা বিজেপির পদাধিকারীরা। উপনির্বাচনে বুথস্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং প্রচারের রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

           অন্যদিকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মঙ্গলবার নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। শাসক-বিরোধী প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকলেও তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে এমনটাই খবর। ভোটের নিয়মকানুন, নির্বাচনী আচরণবিধি-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের বিস্তারিত নিয়মাবলি জানান জেলাশাসক এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেন।

          এরই মধ্যে নন্দীগ্রামে দুই দাপুটে তৃণমূল নেতাকে গ্রেপ্তার ঘিরেও রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। নন্দীগ্রাম-২ ব্লকের কোর কমিটির প্রাক্তন সদস্য তথা তৃণমূল নেতা শেখ কাজেহার এবং নন্দীগ্রাম-১ ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ আমিরুল ইসলামকে নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার সকালে হলদিয়া মহকুমা আদালতে পাঠায়। পুলিশ সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে মারধর, হুমকি ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।

               উপনির্বাচনের আগে একদিকে প্রশাসনের সর্বদলীয় বৈঠক, অন্যদিকে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূলের প্রার্থী নির্বাচন ও প্রচারের রণকৌশল এবং গ্রেফতার ঘিরে রাজনৈতিক চাপানউতোর—সব মিলিয়ে ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনৈতিক ময়দান।
  • Link to this news (আজকাল)