বনগাঁ আদালতে ব্যাপক চাঞ্চল্য়! আইনজীবী সেজে প্রতারণা
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কালো কোট গায়ে পরে উকিল পরিচয় দিয়ে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। আদালত চত্বরেই আর্থিক প্রতারণার অভিযোগে তিনজনকে আটকে রাখা হল। এরপর পুলিশের হাতে তাঁদের তুলে দিয়েছেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী ও প্রতারিত হওয়া ব্যক্তিরা। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।
জানা গিয়েছে, আটক হওয়া যুবক ও দু'জন যুবতী কালো কোট-প্যান্ট পড়ে বনগাঁ আদালত চত্বরে এসেছিল। তাঁদের নিজেদের মধ্যে বিবাদ চলছিল। আর তা শুনতে পেয়েই আদালতের আইনজীবীরা তাঁদের আদালত চত্বরে বসিয়ে রাখেন। খবর পেয়ে ছুটে আসেন প্রতারিতরা।
প্রতারিতরা জানান, শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি ঋণ দেওয়ার নাম করে সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল। তিনি বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী হিসাবে পরিচয় দিয়েছিলেনI ঋণ দেওয়ার নাম করে তাঁদের কারও কাছ থেকে চার থেকে পাঁচ হাজার করে টাকাও নেওয়া হয়েছিল৷ ঋণ পাওয়ার পর তাঁদের আরও টাকা দেওয়ার কথা ছিল।
এদিন বনগাঁ আদালতে ঋণের কাগজপত্র এবং তাঁদের নথিপত্র রোটারি করার জন্য ডেকে আনা হয়। ওই ভুয়ো অভিযুক্ত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ৷ ত^^দের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলে অভিযুক্তরা৷
অভিযুক্তরা আটক হতেই আসল পরিচয় জানতে পেরে তাঁরা বুঝতে পারেন ঋণ দেওয়ার নাম করে তাঁদের প্রতারণা করা হয়েছে।
বীরভূম থেকে বনগাঁ আদালতে আসা এক প্রতারিত ব্যক্তি জানান, তাঁদেরকে বলা হয়েছিল বেসরকারি সংস্থার মাধ্যমে কোর্ট এগ্রিমেন্ট করে লোন দেওয়া হয়। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে৷ এদিন উপস্থিত আরও ৬ জনের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে আগে নিয়ে নেওয়া হয়েছিল। যদিও তিন অভিযুক্ত জানান, তাঁরা আইনজীবী পরিচয় দেননি।
প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভুয়ো আইনজীবীদের গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্তও ৷