আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র—নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনকে ঘিরে তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই দুই কেন্দ্রের জন্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, চূড়ান্ত নামের তালিকা আজ রাতেই দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হচ্ছে। এবার কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পরই আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
উপনির্বাচনকে সামনে রেখে গত কয়েক দিন ধরেই দুই কেন্দ্রের সংগঠন, সম্ভাব্য প্রার্থী এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ নিয়ে একাধিক দফায় আলোচনা হয়েছে রাজ্য নেতৃত্বের মধ্যে। নন্দীগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি। একই সঙ্গে রেজিনগরেও সংগঠনকে কাজে লাগিয়ে লড়াই জোরদার করার প্রস্তুতি চলছে।
রাজ্য নেতৃত্বের তরফে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত হয়ে গেলেও চূড়ান্ত সিলমোহর দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বের। ফলে এখন নজর দিল্লির দিকে।
সূত্রের খবর, রাজ্যের পাঠানো তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন মিললেই দ্রুত দুই কেন্দ্রের প্রার্থীদের নাম প্রকাশ্যে আনা হতে পারে। উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে দুই শিবিরের রাজনৈতিক প্রস্তুতি। প্রার্থী ঘোষণার পরই নন্দীগ্রাম ও রেজিনগরে পূর্ণাঙ্গ প্রচারে নামতে চাইছে রাজ্য বিজেপি তথা শাসক দল।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে নন্দীগ্রামকে পাখির চোখ করে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। মঙ্গলবার নন্দীগ্রামে দলের পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। বিশেষ করে নন্দীগ্রামকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে বঙ্গ বিজেপি।
নন্দীগ্রাম উপনির্বাচনের প্রস্তুতিতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করে বিজেপি। নন্দীগ্রামের রেয়াপাড়া বিধায়ক কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা-সহ একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব।