আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৫ ই সেপ্টেম্বর বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দু'দিনের জন্য বাংলায় আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। নীতিন নবীনের সঙ্গে একই সফরে আসবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বি এল সন্তোষ। বিজেপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসছেন নীতিন নবীন। সম্পূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন দু'দিন ধরে।
গত আগস্টেই জানা গিয়েছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে আসতে চলেছেন নীতিন নবীন। তিন দিনের বঙ্গ সফরে আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। চলছিল কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া। সেই মতো এবার প্রতিশ্রুতি রাখলেন নবীন। এক সপ্তাহের হেরফের রেখে এবার বাংলায় পা রাখতে চলেছেন তিনি।
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী, এই সফরে শুধু কলকাতা বা তার আশপাশের এলাকায় সীমাবদ্ধ থাকবেন না থাকারই কথা ছিল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় সাংগঠনিক কর্মসূচি রাখার পরিকল্পনা করা ছিল বলে সূত্র মারফত জানা গিয়েছিল।
পাহাড়, তরাই, ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা যেমন তাঁর সফরের তালিকায় ছিল। তেমনই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও যাওয়ার সম্ভাবনা ছিল নীতিন নবীনের। মূল লক্ষ্য, আগামী নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং তৃণমূল স্তরে সংগঠনের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার কথা ছিল তাঁর।
পার্টি সূত্রে খবর ছিল, সফর চলাকালীন অঞ্চলভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন নীতিন নবীন। রাজ্য ও জেলা নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গেও সরাসরি আলোচনায় বসার কথা ছিল তাঁর। সংগঠনের কোথায় কী সমস্যা রয়েছে, বুথস্তরে দলের প্রস্তুতি কতটা এগিয়েছে, কোথায় ঘাটতি রয়েছে—সেই সমস্ত বিষয়ে কার্যকর্তাদের কাছ থেকে রিপোর্ট নেওয়ার কথা ছিল সর্বভারতীয় সভাপতি্র।
শুধু রিপোর্ট নেওয়াই নয়, বিভিন্ন জেলায় গিয়ে দলীয় কর্মীদের প্রয়োজনীয় বার্তাও দেবেন নীতিন নবীন, এমনটাই জানা গিয়েছিল। নির্বাচনের আগে সংগঠনকে কীভাবে আরও সক্রিয় করা হবে, কর্মীদের মধ্যে সমন্বয় কীভাবে বাড়ানো হবে এবং জনসংযোগে কীভাবে জোর দেওয়া হবে সেই বিষয়েও দিকনির্দেশ করতে পারেন তিনি, খবর ছিল তেমনটাই। এবার সেই প্রতিশ্রুতি রক্ষা করে বাংলায় দু'টি কেন্দ্রে উপনির্বাচনের আগেই তিনি উপস্থিত থাকবেন। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।