• কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুলিশের বিশেষ রুট ম্যাপ
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আগত পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ ও সুশৃঙ্খল করতে বিশেষ রুট ম্যাপ প্রকাশ করল বীরভূম জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশের উদ্যোগে প্রকাশ করা হয় এই রুট ম্যাপ। পাশাপাশি পুণ্যার্থীদের সুবিধার জন্য চালু করা হয়েছে অনলাইন ম্যাপ পরিষেবাও।

    তারাপীঠের বিভিন্ন পুলিশ ক্যাম্পে থাকা QR কোড বা বারকোড স্ক্যান করলেই মোবাইল ফোনে দেখা যাবে অনলাইন রুট ম্যাপ। কোথায় গাড়ি পার্কিং করা যাবে, কোন রাস্তায় নো-এন্ট্রি থাকবে, সাধারণ দর্শনার্থী ও ভিআইপি দর্শনার্থীদের প্রবেশের পথ, সব তথ্যই মিলবে ওই ম্যাপে।

    কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে মোতায়েন করা হয়েছে চার হাজারেরও বেশি পুলিশ আধিকারিক ও কর্মী। নিরাপত্তা ব্যবস্থায় থাকছে কন্ট্রোল রুম, বিশেষ প্রযুক্তিগত দল, সিসিটিভি ও ফেস রিকগনিশন ক্যামেরা। এছাড়াও থাকছে বিপর্যয় মোকাবিলা দল, ২৬টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, একাধিক ওয়াচ টাওয়ার এবং ড্রপ গেট।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হবে নো-এন্ট্রি ব্যবস্থা। মুনসুভা মোড় থেকে তারাপীঠের দিকে ভারী যানবাহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল বন্ধ থাকবে। তবে নির্দিষ্ট সংখ্যক মিনি বাস ও ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বীরচন্দ্রপুর ও মল্লারপুর দিক থেকেও যানবাহন প্রবেশে থাকবে বিশেষ বিধিনিষেধ।

    রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি না করে নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি রাখার আবেদন জানিয়েছে পুলিশ। একইসঙ্গে মন্দিরের সামনে জুতো না খুলে সোনার বাংলা মোড় সংলগ্ন নির্দিষ্ট স্থানে জুতো রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    ৫০০ টাকার ভিআইপি টিকিটধারীদের জন্য পৃথক ব্যবস্থাপনা থাকলেও ভিআইপি ও সাধারণ দর্শনার্থী—উভয়েরই মূল প্রবেশপথ হবে ২ নম্বর গেট। মন্দির চত্বরে কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

    কৌশিকী অমাবস্যার বিপুল ভিড় সামাল দিতে প্রযুক্তি ও কড়া নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে বীরভূম জেলা পুলিশ। পুণ্যার্থীদের নির্ধারিত রুট ও পুলিশি নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)