• সাতসকালে তৃণমূল সাংসদের একাধিক ঠিকানায় ইডি হানা!
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই ইডি-র নজরে আরও এক। সোমবার ভোর হতে না হতেই ইডি হানা। এবার অভিযান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের কার্যালয়ে। সূত্রের খবর, পার্ক সার্কাসে আখবার-ই-মশরিক নামক উর্দু সংবাদপত্রের অফিসে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি, পার্ক সার্কাস তাঁর আরও দু'টি বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। বিপুল আর্থিক লেনদেন মামলা সেই মামলায় তল্লাশি করছে।গোটা এলাকা ঘিরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। অফিসের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন ইডি আধিকারিকরা।

    জানা গিয়েছে, উর্দু সংবাদপত্রটির ডিরেক্টর তৃণমূল সাংসদ নাদিমুল হক। তাঁর সংবাদপত্রের বিরুদ্ধে অফিসে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ ছাড়াও খবরের কাগজের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। সেই কারণেই তাঁর অফিসে হানা দেয় ইডি। অভিযোগের ভিত্তিতেই ইডি ECIR করে এরপরেই তল্লাশি করে। এই সংবাদপত্রের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছিল। যার কোনও সঙ্গতি পাওয়া যায়নি। আর তারপরেই তল্লাশি অভিযান চালায় ইডি।

    ইডি সূত্রে খবর, তল্লাশি অভিযানে একাধিক বেনামি ও ভুয়ো অ্যাকাউন্টের তথ্য মিলেছে। তদন্তকারীদের দাবি, ওই অ্যাকাউন্টগুলিতে একাধিক ফলস ডিপোজিট-এর তথ্যও পাওয়া গিয়েছে। পাশাপাশি, বেনামি আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, ঘুরপথে একাধিক অ্যাকাউন্টে টাকা পাঠানোর তথ্য মিলেছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, দুর্নীতির টাকা এভাবেই বিভিন্ন অ্যাকাউন্টে সরানো হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট লেনদেনের উৎস ও কার সঙ্গে লেনদেন হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। নাদিমুল হকের মেয়ে এবং জামাইকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হচ্ছে বলে ইডি সূত্রে খবর।সংবাদপত্র সম্পর্কে একাধিক তথ্য জানতে চাওয়া হচ্ছে মেয়ে জামাই এর থেকে বলে ইডি সূত্রে খবর ।

    এদিন তাঁর পার্ক সার্কার্সের আরও দু'টি বাড়ি, দিল্লিতে সাংসদের বাংলো এবং রাঁচিতেও তাঁর বিভিন্ন কার্যালয়ে হানা দিয়েছে ইডি। সূত্রের খবর, দিল্লির ঠিকানার বাইরে ইডি আধিকারিকেরা উপস্থিত হলেও এখনও শুরু হয়নি তল্লাশি অভিযান। 

    উল্লেখ্য, দিল্লিতে নাদিমুলের সাংসদ বাংলো থেকেই আজ কালীঘাট তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠকের আয়োজন করার কথা ছিল। এতদিন পর্যন্ত তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সরকারি বাসভবনই দিল্লিতে তৃণমূলের সদর দপ্তর হিসাবে ব্যবহার করা হত। তবে ২০২৬-এর নির্বাচনের পরেই বদলে যায় সমীকরণ। তবে আজ সাংবাদিক বৈঠকের আগেই তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছল, যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

     
  • Link to this news (আজকাল)