• কলকাতা পুলিশের জন্য দারুণ উপহার!
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার একটি বেসরকারি গাড়ি সংস্থার পক্ষ থেকে কলকাতা পুলিশকে ৫০টি দু’চাকার বাইক এবং একটি চারচাকার গাড়ি উপহার দেওয়া হল। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই যানবাহনগুলি রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক অন্য মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

    এ দিন লালবাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শ্রী অর্জুন সিং এবং কলকাতার পুলিশ কমিশনার। নতুন যানগুলিকে আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পাশাপাশি নতুন যানগুলি নিয়ে র‍্যালিরও আয়োজন করে কলকাতা পুলিশ।

    জানা গিয়েছে, অত্যাধুনিক এই যানগুলি আগামী দিনে শহরের পুলিশি পরিষেবা, জরুরি পরিষেবা এবং নজরদারির কাজে ব্যবহার করা হবে।

    অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী জানান, নতুন যানগুলি জরুরি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে কম সময়ে পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

    পাশাপাশি, ভিআইপি সুরক্ষার ক্ষেত্রে পাইলট কারের পরিবর্তে বাইক ব্যবহারের প্রস্তাব দেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, "পাইলট কারের কারণে অনেক সময় শহরে যানজট তৈরি হওয়ার আশঙ্কা থাকে।" তাই আগামী দিনে ভিআইপি কনভয়ের পাইলট কারের পরিবর্তে বাইক ব্যবহার করা যায় কিনা, সে বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে প্রস্তাব রাখেন তিনি।

    উল্লেখ্য, গত মাসেই কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন করে সাজিয়ে তুলতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন পরিবহণ মন্ত্রী। কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়। 

    কলকাতার পুরনো এই ট্রাম যোগাযোগ বিশেষ গুরুত্ব দেয়নি পূর্বতন সরকার, এমনটাই অভিযোগ বিজেপির ৷ বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার ট্রাম পরিবহণ ব্যবস্থা ফের চালু করতে উদ্যোগী। বন্ধ হয়ে যাওয়া রুটগুলিতে পুনরায় চালু করতে চায় পরিবহণ দপ্তর। পাশাপাশি, ট্রামের আধুনিকীকরণ কীভাবে করা যায়, তার পাশাপাশি রাজ্যের সার্বিক পরিবহণ পরিষেবা উন্নতির বিষয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার দূতের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। 
  • Link to this news (আজকাল)