আজকাল ওয়েবডেস্ক: খাদ্যপণ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে কলকাতায় ফের অভিযান কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তরের। গত কয়েক দিনে ডেকার্স লেন, পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর এবার পুরসভার নজরে বউবাজারের পনির পট্টি। সোমবার দুপুরে এলাকার একাধিক পনিরের দোকানে অভিযান চালান খাদ্য সুরক্ষা আধিকারিকরা।
এদিনের অভিযানে পনিরের গুণমান পরীক্ষা করা হয়। আয়োডিনের সাহায্যে পনিরের ঘনত্ব ও মান যাচাই করেন আধিকারিকরা। অধিকাংশ দোকানেই পনিরের গুণমান সন্তোষজনক বলে জানা গেলেও, কয়েকটি দোকানে দীর্ঘদিনের পুরনো খোয়া ক্ষীর ও ছানার কেক মজুত থাকার অভিযোগ সামনে আসে। অভিযানের সময় ওই খাদ্যপণ্যগুলি পরীক্ষা করে নষ্ট করে দেন পুরসভার আধিকারিকরা। দীর্ঘদিন ধরে বাসি খাবার মজুত রাখার অভিযোগে সংশ্লিষ্ট দোকানগুলিকে সতর্কও করা হয়েছে।
এদিনের অভিযানে একটি দোকানে বৈধ ফুড লাইসেন্স না থাকার বিষয়টিও সামনে আসে। দোকানদারকে এ বিষয়ে নোটিস দেওয়া হয়েছে। ডেকার্স লেন ও পার্ক স্ট্রিটের খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন শপিং মলে অভিযান— গত কয়েক দিনের ধারাবাহিকতার মধ্যেই বউবাজারের পনির পট্টিতে এই অভিযান চালাল পুরসভা। খাদ্যপণ্যের মান, বাসি খাবার মজুত এবং প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে পুরসভা সূত্রে খবর।