• নাদিমুলের অফিসে ২৪ ঘন্টার ম্যারাথন তল্লাশি ইডি-র
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের অফিসে তল্লাশি শেষে ২৪ ঘণ্টা পর বেরোলেন ইডি আধিকারিকরা । সোমবার (৭ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৬টা নাগাদ তদন্তকারীদের একটি দল সাংসদের পার্ক সার্কাস অঞ্চলে উর্দু সংবাদপত্রের অফিসে আচমকা হানা দেয়। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে চলে অভিযান। জানা গিয়েছে, নাদিুমুলের সংবাদপত্রের অফিস থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এছাড়া সংবাদপত্রের অফিসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু অসঙ্গতিপূর্ণ লেনদেনেরও হদিশ মিলেছে। অফিস থেকে ডিজিটাল তথ্য এবং নাদিমুল হকের ফোনের ডেটা বাজেয়াপ্ত করা হয়েছে। 

    জানা গিয়েছে, ৬০ কোটি টাকার লেনদেনে নজর ইডি-র। যার কোন সঠিক হিসেব দিতে পারেনি তৃণমূল সাংসদ নাদিমুল। এই অ্যাকাউন্টগুলি থেকেই বিভিন্ন সময় বিভিন্ন সংস্থায় টাকা লেনদেন হয়েছে। সেইসব খতিয়ে দেখছে ইডি। তৃণমূল সাংসদকে টাকা নিয়ে জিজ্ঞাসা বাদ করা হলে স্পষ্ট উত্তর মেলেনি বলে ইডি সূত্রে খবর।

    এই অভিযান চলাকালীন কলকাতায় ছিলেন না নাদিমুল হক। তিনি আছেন রাঁচিতে। ইডি আধিকারিকরা সেখানেই তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরে গাড়িতে কলকাতায় ফিরেছেন তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ। সাংসদের অফিস ছাড়াও তাঁর ফ্ল্যাট এবং আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চলেছে। 

    তৃণমূল সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের অফিসকে ঘিরে বেআইনি লেনদেনের অভিযোগ ছিল। গতমাসেই অভিযোগ দায়ের হয়েছিল পুলিশে। পরে এই আর্থিক তছরূপের মামলার তদন্তভার যায় ইডি-র হাতে। 

    সোমবার একযোগে সাত জায়গায় হানা দিয়েছিল ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, আর্থিক অসঙ্গতির মামলায় নাদিমুল হককে আরও জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় আর্থিক তচরুপ মামলার তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
  • Link to this news (আজকাল)