• ‘আগের থেকে ডেঙ্গু অনেক কমেছে’: অগ্নিমিত্রা পাল
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

    মঙ্গলবার বাগুইআটিতে পথচলতি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন তিনি। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলল প্রচার। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে মশারিও বিতরণ করেন মন্ত্রী।

    রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এদিন অগ্নিমিত্রা বলেন, ‘আগের থেকে বর্তমানে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমেছে।’ রাজ্য রাজনীতি নিয়েও এদিন মুখ খোলেন অগ্নিমিত্রা।

    তৃণমূলকে নিশানা করে তাঁর অভিযোগ, ‘আগের সরকারের আমলে রাস্তায় প্লাস্টিক, ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে যথাযথ নজরদারি ছিল না। ডেঙ্গুর প্রকৃত পরিসংখ্যানও চাপা দেওয়া হত।’

    এমনকী, চিকিৎসকদের ডেঙ্গু না লেখার জন্য বলা হত বলেও অভিযোগ করেন তিনি। অগ্নিমিত্রা পালের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনও রোগীর ডেঙ্গু হলে তা চিকিৎসকরা যেন রিপোর্টে উল্লেখ করেন। এর ফলে রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।’

    এর পাশাপাশি এলাকায় ময়লা-আবর্জনা এবং প্লাস্টিক যাতে না ফেলা হয়, সেই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন মন্ত্রী। ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে হবে, না হলে জরিমানার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)