দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হাতে আর ৫০ দিনও বাকি নেই। পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেল বাঁধার কাজ। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বিভিন্ন জনপ্রিয় পুজোগুলোর থিম। জেনে নিন এবারের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম কী।
এই বছর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম যোজন। এই বছর যোজন থিমের মাধ্যমে তাঁরা যোগাযোগ ফুটিয়ে তুলবেন।
৭৬ বছরে এসে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের তরফে বাংলার সংস্কৃতি, ঐতিহ্যর সঙ্গে কনটেম্পরারি আর্ট, শিল্পকে মিশিয়ে গড়ে তোলা হচ্ছে যোজন।
কী ধরা পড়বে এই জনপ্রিয় পুজো মণ্ডপে? মানুষে মানুষের যোগাযোগ, সংস্কৃতি, ঐতিহ্যের মেলবন্ধন, প্রজন্মের মেলবন্ধন, শিল্প, পরিবেশের মেলবন্ধন। সকলের সঙ্গে সকলের যে সম্পর্ক, একটা সমাজের যে বৈচিত্র্যের মধ্যেও একতা লুকিয়ে থাকে সেটাই দেখানো হবে।
কেবল এই সম্পর্ক নয়, পরিবেশকে ভাল, সুস্থ রাখার বার্তাও দেবে এই বছর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ব্যবহৃত জিনিস দিয়ে সাজানো হবে মণ্ডপ।
বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের পুজোর শিল্পী সুশান্ত শিবানী পাল। মণ্ডপ সজ্জা এবং গোটা প্রজেক্ট এক্সিকিউশনের দায়িত্বে বি২পি সংস্থার শৌর্য চক্রবর্তী। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের সভাপতি অঞ্জন উকিল এবং সম্পাদক হলেন সপ্তর্ষি বসু।
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপগুলোর অন্যতম হল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। প্রতি বছর মানুষের ঢল নামে এই মণ্ডপের পুজো দেখার জন্য।