• বুধবার যাদবপুর পর্যন্ত বিশাল পদযাত্রা মুখ্যমন্ত্রীর
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দশ হাজার কণ্ঠে 'বন্দে মাতরম'-এর পর আগামীকাল ফের 'গেরুয়া সম্মান যাত্রা'-র ডাক যাদবপুরে।  নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশাল পদযাত্রাটি শুরু হবে গোলপার্ক থেকে। সেখান থেকে যাদবপুরে আসবে ওই মিছিল। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেরবারের মতোই মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জারি করা হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি। 

    জানা গিয়েছে, ৯ সেপ্টেম্বর দুপুর ৩টে নাগাদ শুরু হবে এই কর্মসূচি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পদযাত্রায় পা মেলাবেন বিজেপির নেতৃবৃন্দরা।  কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয়তাবাদী চিন্তা ও প্রশাসনিক নজরদারি জোরদার করার বার্তা দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

    এ দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বিকেল ৪টে থেকে বন্ধ থাকবে প্রতিষ্ঠানের মূল ফটকগুলি। পাঁচটি গেটের মধ্যে বন্ধ রাখা হবে  ২, ৩, ৪ ও ৫ নম্বর গেটগুলি। তবে খোলা থাকবে ১ নম্বর গেট। সেখান দিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের যাতায়তের জন্য আবেদন করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। 

    বিশ্ববিদ্যালয়ের তরফে জারি বিজ্ঞপ্তিতে কোনও ফটক বন্ধ রাখার কোনও সুর্নিদিষ্ট কারণ জানানো হয়নি। তবে উল্লেখ করা হয়েছে, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড বন্ধ থাকবে বলেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। 

    উল্লেখ্য, এর আগে রাখি পূর্ণিমার দিন বিকেলে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থানা পর্যন্ত ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম কর্মসূচির আয়োজন করেছিল রাজ্য বিজেপি। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ওই দিন কর্মসূচিটি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিনও বন্ধ রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারগুলি। 
  • Link to this news (আজকাল)