‘সনাতন মেয়র’ বার্তার সঙ্গে ইন্দোর মডেল,নজরে পুরভোট
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুরভোটকে পাখির চোখ করে এবার ইন্দোরের পুরপরিষেবা মডেলকে সামনে রেখে নির্বাচনী ইস্তেহার তৈরির পথে বিজেপি। দেশের পরিচ্ছন্ন ও সুষ্ঠু শহরগুলির অন্যতম হিসেবে বার বার স্বীকৃতি পাওয়া ইন্দোরের পুরব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে কলকাতাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে গেরুয়া শিবির।
ইন্দোরের পুরপরিষেবা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা-সহ একাধিক ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা রয়েছে, তা খতিয়ে দেখেই কলকাতার জন্য রূপরেখা তৈরি করতে চাইছে বিজেপি। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ইন্দোর সফর করেছেন। পাশাপাশি কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারও একাধিকবার ইন্দোর ঘুরে পুরব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নিয়েছেন।
বিজেপি সূত্রে খবর, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বিশেষজ্ঞদের মতামত নিয়েও পুরভোটের ইস্তেহার তৈরি করা হবে। শহরের নিকাশি, জঞ্জাল সাফাই, রাস্তা, পানীয় জল, পার্কিং, যানজট, দূষণ এবং নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও সময়োপযোগী করার বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা থাকতে পারে ইস্তেহারে। ইন্দোরের মডেলকে কলকাতার বাস্তবতার সঙ্গে মিলিয়ে প্রয়োগ করার লক্ষ্যেই এগোচ্ছে দল।
ইতিমধ্যেই কলকাতা পুরভোটের প্রস্তুতিতে বুথ ও ওয়ার্ডভিত্তিক কমিটির কাজ পর্যালোচনা শুরু হয়েছে। সংগঠনের কোথায় ঘাটতি রয়েছে, কোন ওয়ার্ডে কী পরিস্থিতি, সম্ভাব্য প্রার্থী এবং স্থানীয় ইস্যুগুলি নিয়েও ধারাবাহিক বৈঠক করছে বিজেপি নেতৃত্ব। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সুকান্ত মজুমদার নিজে এই প্রস্তুতির রিভিউ করছেন বলে দলীয় সূত্রের খবর।
পুরভোটের লড়াইয়ে নাগরিক পরিষেবাকেই প্রধান হাতিয়ার করতে চাইছে বিজেপি। দলের লক্ষ্য, কলকাতাকে পরিচ্ছন্ন, আধুনিক এবং নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে পৌঁছনো।
এরই মধ্যে সুকান্ত মজুমদার জানিয়েছেন, কলকাতা পুরসভায় এবার সনাতন মেয়র আসবে। ফলে পুরভোটের প্রচারে রাজনৈতিক বার্তার পাশাপাশি পুরপরিষেবা ও শহর সাজানোর পরিকল্পনাকেও সামনে রাখতে চলেছে বিজেপি। ইন্দোর মডেলকে কেন্দ্র করে সেই ইস্তেহারে ঠিক কী কী প্রতিশ্রুতি থাকে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। উল্লেখ্য পয়লা সেপ্টেম্বর পুরো নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন ইন্দোর এর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন।