• দার্জিলিং পাহাড় পুনর্গঠনে ২৪৯.৮৬ কোটি বরাদ্দ
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের পাশে ফের একবার নিজের সক্রিয় ভূমিকা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ২০২৫ সালের ৪ ও ৫ অক্টোবরের ভয়াবহ হড়পা বন্যা ও ভূমিধসের ক্ষত এখনও পুরোপুরি মুছে যায়নি দার্জিলিং পাহাড় থেকে। সেই প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ের বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন, জীবিকা এবং জনপরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে এবার পুনর্বাসন ও পরিকাঠামো পুনর্গঠনের কাজে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পাহাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাঁদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সরকারি পরিকাঠামোগুলির পুনর্নির্মাণ এবং ভবিষ্যতে পাহাড়ের মানুষের জীবনযাত্রাকে আরও সুরক্ষিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


    ইতিমধ্যেই পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত সরকারি পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। মোট ৪৬৫টি প্রকল্পের জন্য ২৪৯.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই অর্থের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি পরিকাঠামো পুনর্গঠনের পাশাপাশি প্রয়োজনীয় পুনর্বাসনমূলক কাজও করা হবে।

    গত বছরের অক্টোবরের ভয়াবহ বন্যা ও ভূমিধসের জেরে পাহাড়ের একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা, রাস্তা, সেতু-সহ বিভিন্ন পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর প্রভাব পড়েছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার উপরেও। ফলে দ্রুত পরিকাঠামো পুনর্গঠন না হলে পাহাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে আরও সময় লাগতে পারে।

    তাঁর বক্তব্য, শুধু ক্ষয়ক্ষতি মেরামত করাই নয়, ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় পাহাড়ের পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তোলাও সরকারের লক্ষ্য। পাহাড়ের মানুষের জীবন যাতে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরে এবং তাঁদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হয়, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ করা হবে।

    দুর্যোগের কঠিন সময়ে পাহাড়ের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্য সরকার জানিয়েছে, পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে কোনওরকম গাফিলতি রাখা হবে না। মানুষের জীবন ও জনপরিকাঠামোকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে চলবে এই পুনর্গঠন প্রক্রিয়া।
  • Link to this news (আজকাল)