• 'রাজদা কথা দিয়েছিলেন হিরোর চরিত্রে সুযোগ দেবেন,' নতুন ধারাবাহিক শুরুর আগে কী বললেন দেবদত্ত?
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'আশীর্বাদ'। রাজ চক্রবর্তীর প্রযোজনায় আসছে এই মেগা। 'আশীর্বাদ'-এর হাত ধরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা দেবদত্ত রাহা। গল্পে বাড়ির মেজছেলের চরিত্রে দেখা যাবে দেবদত্তকে।

    আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "তালমার রোমিও জুলিয়েট করার পর প্রায় কয়েক মাস অপেক্ষা করেছিলাম ভাল সুযোগের। এরপর রাজদার ছবি হোক কলরব-এ অভিনয় করি। সেখান থেকেই রাজদার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক হয়ে যায়। রাজদা আমায় কথা দিয়েছিলেন নায়কের চরিত্রে সুযোগ দেবেন।"

    দেবদত্ত বলেন, "এই ধারাবাহিকে চরিত্রদের সঙ্গে গল্পটাও গুরুত্বপূর্ণ। চার ভাই, যাদের মা ছোটবেলায় মারা যান। আর তারপর থেকেই বাড়িটা শ্রীহীন হয়ে পড়ে। তাই বাড়িতে ভাইদের মধ্যে বিয়ে দেওয়ার কথা ওঠে। যাতে একজন এসে বাড়ির হাল ফেরায়। আর সেখান থেকেই গল্পের আসল টুইস্ট শুরু হয়। এখানে যাঁরা অভিনয় করছেন, তাঁদের অনেকের সঙ্গেই আগে কাজ করেছি। তাই খুব এক্সাইটেড এই প্রোজেক্টটা নিয়ে।"

    প্রসঙ্গত, অভিনেতা সোহম বসু রায়চৌধুরী ও অভিনেত্রী মোহনা মাইতিকে এবার এই ধারাবাহিকে জুটি বাঁধতে দেখবেন দর্শক। এই ধারাবাহিকেই প্রথমবার নায়ক-নায়িকা হিসেবে ধরা দেবেন তাঁরা। সোহম টলিপাড়ার পরিচিত মুখ। তাঁকে দর্শক কিছুদিন আগেই আকাশ আটের ধারাবাহিক 'খনার কাহিনি'র 'মিহির'-এর চরিত্রে দেখেছিলেন। শুধু তাই-ই নয়, সোহমকে দর্শক অনেক ছোটবেলা থেকেই চেনেন। যিশু সেনগুপ্তর সঙ্গে 'অপরাজিত' ধারাবাহিকের ছোট্ট পিকু হোক বা 'রাখি বন্ধন'-এর বন্ধন। তাঁর অভিনীত সব চরিত্রই এতদিন দর্শকের মনে ছাপ ফেলেছে।

    অন্যদিকে, মোহনাও পরিচিতি পেয়েছেন দর্শক মহলে। তাঁকে এতদিন দর্শক জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকে দেখেছেন। শেষবার তাঁকে রুবেল দাসের বিপরীতে 'তুই আমার হিরো' ধারাবাহিকে দেখেছিলেন দর্শক। এছাড়াও হইচই-এর সিরিজ 'রক্ত ফলক'-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে অনুরাগী থেকে সমালোচক মহলেও।
  • Link to this news (আজকাল)