• বিজ্ঞান আন্দোলনের পুরোধা সুরেশ কুণ্ডু প্রয়াত
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, কামারহাটি: প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট বিজ্ঞান লেখক, যুক্তিবাদী কর্মী তথা বিজ্ঞান চেতনা ফোরামের আমৃত্যু সম্পাদক পদে থাকা সুরেশ কুণ্ডু (৭৮)। গত কয়েকদিন ধরে ফুসফুসের সংক্রমণ নিয়ে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি তিনি বাড়িতেও ফেরেন। সোমবার গভীর রাতে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

    মধ্যমগ্রাম বিধানপল্লির বাসিন্দা সুরেশবাবু দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদ ও মানবতাবাদী চিন্তাধারার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন তিনি। মৃত্যুর আগে নিজের দেহ ও চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার তাঁর মরদেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁর চক্ষুও দান করা হয়েছে।

    উত্তর ২৪ পরগনায় দেহদান ও চক্ষুদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সহকর্মীদের দাবি। বিজ্ঞান চেতনা ফোরামের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি যুক্তিবাদী লেখক হিসেবেও তাঁর পরিচিতি ছিল। পরিবেশ বিজ্ঞান, নদী সংস্কার, সবুজ বাঁচানোর লড়াই, সুন্দরবনের বাঘ বিলুপ্ত হওয়া-সহ বিজ্ঞান সম্পর্কিত একাধিক বিষয়ে তিনি একশোর উপরে বই লিখেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা এবং বাংলাদেশ থেকেও তাঁর বই প্রকাশিত হয়েছে।

    সুরেশ কুণ্ডুর মৃত্যুতে বিজ্ঞান আন্দোলনের কর্মী ও অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সুকুমার মিত্র, সাধন বিশ্বাস বলেন, 'সুরেশদা ছিলেন অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, নিষ্ঠাবান ও অকুতোভয় মানুষ। তাঁর মৃত্যু বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।' সাগর দত্ত হাসপাতালের অ্যানাটমি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর শুভাশিস চক্রবর্তী বলেন, 'সমাজের দেহদান, চক্ষুদান প্রয়োজনীয়তা আছে। মৃত্যুর পর নিজের দেহ দান করে সমাজের প্রতি সেই বার্তাই দিয়ে গিয়েছেন সুরেশ কুণ্ডু।'

  • Link to this news (এই সময়)