Breaking: পচা ও ক্ষতিকর রাসায়নিক মেশানো খাবারের জন্য প্রশাসনের কোপে পড়েছে শহরের একাধিক দোকান-রেস্তোরাঁ। পুজোর মুখে এ বার প্রশাসনের নজরে শহরের নামী শপিং মলগুলি। বুধবার সকালে মণি স্কোয়ার মল, সাউথ সিটি মল-এ অভিযান দমকলের। মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন দমকলের আধিকারিকরা। মলের যে ফ্লোরে ফুড কোর্ট রয়েছে, সেখানেও পরিদর্শন করেন দমকলের আধিকারিকরা।
পুজোর আগে কলকাতার বহুতল শপিং মলগুলিতে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহে পুজোর কেনাকাটা, খাওয়া-দাওয়ার জন্য ভিড় আরও বাড়বে এই শপিং মলগুলিতে। সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থেই এই শপিং মলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হলো বলে দাবি দমকলের। অগ্নিকাণ্ড রোধে সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না, নিয়মমাফিক ভিতরে ও বাইরের (Entry-Exit Gate) রাস্তা রয়েছে কি না, ফায়ার অ্যালার্ম কাজ করছে কি না এই সব বিষয়গুলি খতিয়ে দেখা হয়। পাশাপাশি ফুড কোর্টগুলিতে সুরক্ষা বিধি মেনে খাবার তৈরি করা হচ্ছে কি না সে বিষয়েও খতিয়ে দেখেন দমকলের আধিকারিকরা।
উল্লেখ্য, গত ১৯ অগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় জনের মৃত্যু হয়। এর আগে তারাপীঠেও একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই ঘটনার পরে দমকল বিভাগ, কলকাতা পুরসভা এবং পুলিশ যৌথ ভাবে শহরের হোটেল ও গেস্ট হাউসগুলিতে অভিযান শুরু করে। জানা যায়, মোট ৯৬০টি স্থান পরিদর্শন করে দেখা যায় মাত্র ৪১টিতে সঠিক অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বাকি ৯১৯টি হোটেল ও গেস্ট হাউসে প্রয়োজনীয় ত্রুটি ও নিরাপত্তার অভাব থাকায় সেগুলি বন্ধের নির্দেশ বা সুপারিশ করা হয়েছে।