• কংগ্রেসের আপত্তি সত্ত্বেও ‘বন্দে মাতরম্’ পুরো গাইলেন মুখ্যমন্ত্রী ওমর, ফাটল ‘ইন্ডিয়া’য়?
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • দেশে সর্বত্র সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম্’ পুরো গাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস তা নিয়ে আপত্তি তুলেছিল। বলেছিল, তারা গানটির প্রথম দু’টি স্তবকই গাইবে। সেই মতো জম্মু-কাশ্মীরে জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কে সেই নীতি মেনে চলারই আহ্বান করেছিল কংগ্রেস। কিন্তু তাদের সেই আপত্তি উড়িয়ে ‘বন্দে মাতরম্’ পুরো গাইলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এবং তাঁর বাবা তথা এনসি নেতা ফারুক আব্দুল্লা। যার জেরে প্রকাশ্যে চলে এল কংগ্রেস-এনসির বিরোধ। প্রশ্ন উঠছে, ‘বন্দে মাতরম্’ ঘিরে কি এ বার সারা দেশে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় ফাটল দেখা দেবে?

    বিতর্কের সূত্রপাত

    শ্রীনগরে আয়োজিত জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী ওমর এবং এনসি-র সভাপতি ফারুকের উপস্থিতিতে ‘বন্দে মাতরম্’-এর সম্পূর্ণ সংস্করণটি গাওয়া হয়। তা নিয়ে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে ভারতের বৈচিত্র্যময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য গড়ে উঠেছে, তার সঙ্গে খাপ খায় না বন্দে মাতরম্-এর পূর্ণাঙ্গ সংস্করণ।’ কংগ্রেস স্মরণ করিয়ে দিয়েছে, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজ়াদ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে গানের যে নির্দিষ্ট অংশ বেছে নেওয়া হয়েছিল, কংগ্রেস এখনও সেই নীতিই মেনে চলে। রাহুল গান্ধীদের বক্তব্য, জোটশরিক হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নির্দেশের কাছে মাথানত না করে কংগ্রেসের সিদ্ধান্তকেই সম্মান জানানো উচিত।

    এনসি-র জবাব

    পাল্টা জবাব দিয়েছে এনসি-ও। দলের নেতা বশির আহমেদ বলেন, ‘জোটসঙ্গী হিসেবে আপনারা শর্ত চাপিয়ে দিতে পারেন না। আপনারা বলে দিতে পারেন না যে, কতটা গান গাওয়া হবে বা কীভাবে গাওয়া হবে। বেণুগোপালজির টুইট করার অধিকার রয়েছে। কিন্তু উনি এটা অন্যদের উপরে চাপাতে পারেন না। গান গাওয়াটা মানুষের নিজস্ব পছন্দ। আমরা কারও উপর কিছু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে।’

    বিজেপির কটাক্ষ

    কংগ্রেসকে বিঁধেছে বিজেপিও। মুখপাত্র তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, ‘বন্দে মাতরম্ পুরো গাওয়া নিয়ে কংগ্রেসের আপত্তি প্রমাণ করে যে, দলটির চিন্তাভাবনা এখন দিমাগি নকশালে পরিণত হয়েছে। ওরা এখন নতুন মুসলিম লিগ। মতাদর্শের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে কংগ্রেস।’

  • Link to this news (এই সময়)