সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল হুগলি জেলার পাণ্ডুয়া থানার পুলিশ। ধৃতের নাম জিৎ ঘোষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে পাণ্ডুয়ার ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা ও গালিগালাজ করার অভিযোগ ওঠে কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন বিজেপি কর্মী জড়িত রয়েছেন। বেশ কিছুক্ষণ চিকিৎসা পরিষেবা বন্ধ থাকে। এর জেরে স্থানীয় বাসিন্দারা এক অভিযুক্ত বিজেপি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়া, স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো এবং হাসপাতালের সম্পত্তি নষ্টের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার বলেন, ‘অভিযুক্তরা কেউ বিজেপি কর্মী নন। তাঁর দল বা তিনি কোনও ভাবেই এই ধরনের কার্যকলাপ সমর্থন করেন না। কেউ অন্যায় করলে আইন আইনের পথে চলবে এবং সে শাস্তি পাবে।’