• বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপের দুর্যোগ কবে থেকে শুরু হবে? WEATHER UPDATES
    আজ তক | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  •  ভাদ্রের তৃতীয় সপ্তাহেও রাজ্য থেকে বিদায় নিচ্ছে না বৃষ্টি। উল্টে চলতি সপ্তাহে নতুন করে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, মৌসুমি অক্ষরেখা দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বাংলা। নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থলভাগের দিকে এগোলে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    নিম্নচাপের পূর্বাভাস
    বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। এমনই আশঙ্কাপ্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস।  আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ শুক্রবার তৈরি হতে পারে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সেটি ঘনীভূত হবে বলে প্রাথমিকভাবে খবর। বুলেটিন অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর বায়ুমণ্ডলের ওপরের স্তরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে, ১০ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মৌসুমি অক্ষরেখা দিঘার ওপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে নয়া বঙ্গের। এমনই মনে করছে আবহবিদরা। নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থলভাগের দিকে এগোলে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটারও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব বর্ধমান, হুগলি ও বাঁকুড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছেন, বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে   সপ্তাহান্তে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। 

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্র থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গে আজ ও আগামী কাল বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা শোনানো হয়েছে।

    কলকাতা নিয়ে পূর্বাভাস
    কলকাতায় সকাল থেকেই এদিন রোদের তেজ দেখতে পাওয়া গেছে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে শহরে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ০.৯ মিলিমিটার। কলকাতায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা না থাকলেও, সপ্তাহান্তে ফের বৃষ্টিপাত বাড়বে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজ তক)