মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মহিলার। আর এই মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। বুধবার সকালে ভাঙড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে ট্রাফিক সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি ম্যাটাডোর সিগন্যাল ভেঙে ধাক্কা মারে মহিলাকে। ওই মহিলা তখন রাস্তা পার করতে গিয়ে গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান। তখনই দ্রুতগামী বাসের চাকা মহিলাকে পিষে দেয় বলে অভিযোগ। এই পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। আর তার জেরে উত্তেজিত জনতা বাস এবং ম্যাটাডোরে ভাঙচুর চালিয়েছেন। এমনকী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম নাজিরা খাতুন (২৯)। ভাঙড়ের শাঁকশহর পঞ্চায়েতের ঘুঙরি গ্রামের বাসিন্দা নাজিরা। বুধবার সকালে বাসন্তী হাইওয়ে পার হচ্ছিলেন তিনি। তখন সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে ছুটে আসে ম্যাটাডোর। তার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন নাজিরা খাতুন। আর তখনই কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস পিষে দেয় ওই মহিলাকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়ে পারাপারের করছিলেন নাজিরা খাতুন। তখন ট্রাফিক সিগন্যাল লাল ছিল। সুতরাং আইন অনুযায়ী কোনও গাড়ি চলার কথা নয়। সেখানে সিগন্যাল না মেনে রীতিমতো ট্রাফিক সিগন্যাল ভেঙে ছুটে আসে ম্যাটাডোর এবং ধাক্কা মারে মহিলাকে। তারপরই একটি বাস তাঁকে পিষে দেয়। আর ঘটনাস্থলেই নাজিরা খাতুনের মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা বাসন্তী হাইওয়েতে বাস এবং ম্যাটাডোরে ভাঙচুর চালায়। প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ।
তাছাড়া সেখানে ভাঙড় থানার পুলিশ পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ। কেমন করে পথ দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে মৃত মহিলার পরিবারের সঙ্গে। আর দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার বসানোর দাবি তুলে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই দাবি মেনে নিয়েছে পুলিশ। আগেও এই এলাকায় একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে। ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও বহু গাড়ির চালক সেই সিগন্যাল মানেন না। প্রশাসনকে কড়া পদক্ষেপ করার দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা।