‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’, মনোনয়নপত্র জমা দিয়ে কেন বললেন হুমায়ুনপুত্র?
প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। উপনির্বাচনের আগে তাঁর এই আবেদন রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করে। তাহলে কি রেজিনগর উপনির্বাচনে (Rejinagar By Election) হারের ভয় পাচ্ছেন হুমায়ুন? এই প্রশ্নের আবহে বুধবার রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন হুমায়ুন পুত্র তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবি আজাদ। তিনি জানান, ভোটের ময়দানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হল বিজেপি। তাঁর কথায়, “এর আগেও বিজেপিই ছিল। এখনও বিজেপিই থাকবে। অন্য কোনও দল থাকবে বলে আমার মনে হয় না।”
রাজ্যের দু’টি বিধানসভা নির্বাচনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম ও রেজিনগরে আগামী ৬ অক্টোবর ভোট হবে। ৯ অক্টোবর হবে ফলাফল ঘোষণা। ৯ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আর প্রথমদিনই রেজিনগরের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তথা হুমায়ুনপুত্র গোলাম নবি আজাদ বহরমপুরে জেলাশাসক ভবনে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, “আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। ছাব্বিশের বিধানসভা নির্বাচে আমার বাবা রেজিনগর কেন্দ্রে জয়ী হয়েছিল। এখানে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি। মানুষের সঙ্গে ছিলাম, আছি। মানুষ পাশে থাকবে। প্রচারে কোনও সেলিব্রিটি থাকবে না। অঞ্চল ও বুথ নেতৃত্বই প্রচারে থাকবে। অবশ্যই আমার বাবা তো থাকবেনই।”
উল্লেখ্য, মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীর সব বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ৮৬টি আসনে বিরোধীরা জিতেছে। এর মধ্যে তৃণমূলের ৮০-র বেশি, কংগ্রেসের ২টি, সিপিএমের ১টি ও আইএসএফের ১টি এবং আম জনতা উন্নয়ন পার্টির একজন বিধায়ক রয়েছেন। এই ৮৬জন বিধায়ক যদি ইগো ভুলে এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ে, তবে ২০২৬-এ এসেও বিজেপিকে রোখা সম্ভব।” তাঁর এই আর্জির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নিজের গড় রেজিনগরেও হারের ভয় পাচ্ছেন হুমায়ুন?