‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর
প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি (Krishnendu Narayan Choudhury)। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও এদিন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন। পুরভোটের আগে তাঁর এই পদত্যাগ নিয়ে জেলায় জল্পনা শুরু হয়েছে। যদিও সম্প্রতি কৃষ্ণেন্দু নারায়ণ জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করলেও তিনি আর তৃণমূলের প্রার্থী হবেন না। মমতা বললেও তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবেন না। এরপরই বুধবার তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে এল। পদত্যাগের পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কৃষ্ণেন্দু। তিনি বলেন, “কাজ করতে পারছিলাম না। রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় আছি।”
পুজোর পরে বেজে যাবে পুরভোটের দামামা। প্রথম দফায় কলকাতা ও হাওড়ায় পুর নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর ধাপে ধাপে বাকি পুরসভাগুলিতেও হবে নির্বাচন। তার আগেই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এতদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। পুরভোটের আগে তাঁর সুর বদলাতে শুরু করে। তাহলে কি তিনিও মমতার হাত ছাড়ছেন? ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ছে। বুধবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় পদত্যাগপত্র পেশ করেন কৃষ্ণেন্দু।
পুরভোটের তিন মাস আগে কৃষ্ণেন্দু নারায়ণের পদত্যাগে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি জানান, তিনি কাজ করতে পারছিলেন না। রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর মনে করা হচ্ছে, কালীঘাট তৃণমূলের সঙ্গ ছাড়ছেন কৃষ্ণেন্দু। আগেই জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেও তিনি আর তৃণমূলের প্রার্থী হবেন না। তাহলে কি এবার ঋত শিবিরে নাম লেখাবেন কৃষ্ণেন্দু? নাকি যোগ দেবেন কংগ্রেস বা বিজেপিতে ? পুরভোটের আগে সেই প্রশ্নই উঠছে।