ছাত্রীকে অশালীন স্পর্শে জেলে শিক্ষক, ‘মিথ্যা’ অভিযোগ দাবি করে স্যরের মুক্তির দাবিতে পথে পড়ুয়ারা
প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
মিথ্যা মামলায় জেলে স্কুলের শিক্ষক! সেই স্কুল শিক্ষককে ছাড়াতে আদালতের সামনে হাজির হল স্কুলের ছাত্রছাত্রীরা। অভিযুক্ত শিক্ষকের কোনও দোষ নেই। এমনই দাবি জোর গলায় করল বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা। ছাত্রীকে অশালীন স্পর্শের অভিযোগে গত মাসের ২৬ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল ওই অস্থায়ী শিক্ষককে। পকসো ধারায় মামলা দায়ের হয়। তখন থেকেই তিনি জেল হেফাজতে রয়েছেন।
রাজ্যের একাধিক জায়গায় স্কুলের শিক্ষক-শিক্ষিকার উপর হামলার ঘটনা সামনে এসেছে। জলপাইগুড়ির এক স্কুলে শিক্ষক দিবসের খাবার নিয়ে ঝামেলা হওয়ায় প্রধান শিক্ষককে নিগ্রহ করে খোদ ছাত্ররাই। উত্তর ২৪ পরগনার গুমা এলাকার একটি স্কুলেও ছাত্রীকে শাসনের অভিযোগে তাঁর মা ও দিদি চড়াও হয়েছিলেন! শিক্ষিকাকে নিগ্রহের অভিযোগ উঠেছিল। তাহলে কি শিক্ষার মান নামতে শুরু করেছে? সেই প্রশ্ন ওঠে। সেই আবহেই দেখা গেল শিক্ষকের পক্ষে দাঁড়িয়ে শয়ে শয়ে পড়ুয়াকে।
কোচবিহারের দিনহাটার (Dinhata)একটি স্কুলে গত মাসের ২৫ তারিখ ছাত্রী নিগ্রহের অভিযোগ উঠেছিল। সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অশালীন স্পর্শের অভিযোগ উঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। পকসো ধারায় মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে তিনি জেল হেফাজতে। আজ, বুধবার ঐ শিক্ষককে ফের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। এদিকে সকালে স্কুলের পোশাকে আদালতের সামনে হাজির হয় স্কুলের শয়ে শয়ে ছাত্রছাত্রী।
পড়ুয়াদের দাবি, ওই শিক্ষকের কোনও দোষ নেই, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এক ছাত্রী ও তাঁর অভিভাবকের করা অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই অভিযোগ সত্য নয় বলে মত স্কুলের পড়ুয়াদের। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনও ঘটনা দেখা যায়নি। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনও ঘটনা দেখা যায়নি। তারপরও শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিন শিক্ষকের মুক্তির দাবিতে সোচ্চার হয় পড়ুয়ারা। যদিও পুলিশ-প্রশাসনের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব সরকার জানিয়েছেন, বিষয়টি আদালতের বিচারাধীন। সেজন্য এই বিষয়ে কোনও কথা বলা যাবে না।